পিলার ঘেসে বিএসএফের কালভার্ট নির্মানের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়াই আখাউড়া স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও কালভার্ট নির্মানের চেষ্টা চালিয়েছে। শনিবার সকাল নয়টা থেকে নির্মান কাজ শুরু করলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুই দফা বাধা দেয়। বিএসএফ তা উপেক্ষা করলে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি লাল পতাকা উড়ালে বিএসএফ সরে যায়। এই কারণে সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ ছিল।বিজিবি ১২ ব্যাটালিয়ন জানায়, গত বছরের ৩১ জানুয়ারি বিএসএফ একই স্থানে কালভার্ট নির্মাণের চেষ্টা করে। বিজিবি তাতে বাধা দিলে তাঁরা সরে যান। এই ঘটনায় একই বছরের ৬ ফেব্রুয়ারি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে অনুমতি ছাড়া সীমান্তের শূন্য রেখায় কালভার্ট নির্মাণ করবে না বলে প্রতিশ্রুতি দেয় বিএসএফ।বিজিবি জানায়, গতকাল শনিবার অনুমতি ছাড়াই সীমান্তের ২০২৩/এস সীমান্ত পিলার থেকে প্রায় সাত গজ দূরে খালের ওপর বিএসএফ কালভার্ট নির্মাণের জন্য মাটি কাটতে শুরু করে। এই কাজে প্রায় ২৫ জন শ্রমিক নিয়োজিত ছিল। স্থলবন্দর ক্যাম্পের বিজিবি বাধা দিলেও তাঁরা কাজ চালিয়ে যান। পরে ফকিরমোড়া কোম্পানি কমান্ডার এসে আবারও বাধা দেন। বিএসএফ সেটিও উপেক্ষা করে। এক পর্যায়ে বিজিবি লাল পতাকা নিয়ে বাধা উপেক্ষা করলে গুলি করতে বাধ্য হবো জানালে বিএসএফ শ্রমিকদের তুলে নেয়। এই ঘটনার পর থেকে আখাউড়া স্থলবন্দর সীমান্তে উত্তেজনা চলছে। দুই দেশের সীমান্তরক্ষীরাই নিজ নিজ এলাকায় লোকবল বৃদ্ধি করেছে। আখাউড়া ফকিরমোড়া কোম্পানি কমান্ডার সুবেদার সাইজ উদ্দিন প্রথম আলোকে বলেন, একাধিকবার বাধা দেওয়ার পরও বিএসএফ কাজ চালিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে দশটার দিকে গুলি করতে বাধ্য হব বলা হলে তাঁরা কাজ বন্ধ করেন।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্ববধায়ক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, সীমান্তে উত্তেজনার কারণে স্থলবন্দর দিয়ে সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল।