পিলার দেখেই কাটল ১০ বছর
‘একটি সেতুর অভাবে রাজধানীর এত কাছের বাসিন্দা হয়েও বছরের অধিকাংশ সময়ই আমাদের ভরসা করতে হচ্ছে খেয়া পারাপারের ওপর, এটা ভাবতেই অবাক লাগে।’ ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়া থানার নলাম গ্রামের বাসিন্দা আফজাল হোসেন এভাবেই তাঁর কষ্টের কথা বলছিলেন। শুধু আফজাল হোসেনই নন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা—ডিইপিজেডের পেছনে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম, উনাইল, মাইজাইল, পাইচাইল, গোপালবাড়ী, চাঞ্জিদা, কাছইর ও ধামসোনাসহ পাশের ধামরাই উপজেলার কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের একই আক্ষেপ। নলাম-শিমুলিয়া সড়কের নলামে একটি সেতুর অভাবে এসব গ্রামের মানুষেরা বছরের পর বছর দুর্ভোগের শিকার হচ্ছেন। ২০০০ সালে সেখানে একটি সেতু নির্মাণ শুরু করা হলেও নানা জটিলতায় ১০ বছরেও কাজ শেষ হয়নি। মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, নলাম-শিমুলিয়া সড়কের তৃতীয় কিলোমিটার অংশ নলামে ৯৪ মিটার দীর্ঘ একটি বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০০০ সালে। দুই কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ পায় হায়দার কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ২০০০ সালের ১৭ মে এটি তত্কালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন উদ্বোধন করেন। কিন্তু ১০ বছরেও সেতুটির কাজ শেষ হয়নি।সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল থেকে সড়কটি নলাম হয়ে শিমুলিয়া গিয়ে ঠেকেছে। এই সড়কের বাইশমাইল থেকে নলাম পর্যন্ত তিন কিলোমিটার অংশ পাকা। এই পাকা সড়কের উভয় পাশে গড়ে উঠেছে পোশাকসহ বেশ কয়েকটি কারখানা। আরও কারখানা গড়ে উঠছে। ওই পাকা সড়কের মাথায়ই বিলসদৃশ কিছু এলাকা রয়েছে। সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুই পাশে দুটি অ্যাবার্টমেন্ট ওয়াল আর দুটি পিলার।সওজের উপসহকারী প্রকৌশলী সাঈদ উদ্দিন জানান, ২০০০ সালে সেতুটির কাজের উদ্বোধন করা হলেও বেইলির অভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। ২০০৪ সালে নলাম-শিমুলিয়া সড়কটি সওজ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলে গেলে কাজ ঝুলে যায়। নলাম গ্রামের বাসিন্দা ও ধামসোনা ইউপির সাবেক সদস্য আবদুর রশীদ অভিযোগ করেন, সেতুর পিলার নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। সঠিকভাবে পাইলিং না করার কারণে পিলার দেবে গেছে। পুরাতন এই পিলারের ওপর সেতু নির্মাণ করা হলে সেতুটি দেবে যাবে। মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক বলেন, দীর্ঘদিন চিঠি চালাচালির পর সম্প্রতি সওজের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ কর্মসূচির আওতায় আবারও সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাড়ে চার কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে পিসি গার্ডার সেতু নির্মাণের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। ঠিকাদার নির্বাচন করা হলেই সেতুটির নির্মাণকাজ শুরু করা হবে।