পিলার দেবে যান চলাচল বন্ধ
কিশোরগঞ্জ-মরিচখালি সড়কের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের বারুক বাজারের পাকা সেতুটি দেবে গেছে। ফলে সেতুর ওপর দিয়ে চলাচলকারী জেলার তিন উপজেলার লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছে। ইতিমধ্যে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বারুক বাজার-সংলগ্ন নরসুন্দা নদীর ওপর প্রায় ২৫ বছর আগে ওই সেতু নির্মিত হয়। গত মঙ্গলবার বিকেলে এই সেতুর একটি পিলার দেবে গেছে। এ ছাড়া সেতুটির কয়েক জায়গায় ফাটলেরও সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সেতুটি ঝুঁকিপূর্ণ মনে করে এর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে সিলগালা করে দিয়েছে। ফলে দুই পাড়ের মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে নৌকায় চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ সেতুর ওপর দিয়ে নিকলীর দামপাড়া, মজলিশপুর, কারপাশা, শহরমূল, নানশ্রী, জালালপুর, আলিয়াপাড়া, কামালপুর, গোড়াদিঘা, নোয়াপাড়া, গৌরিপুর, বরকান্দা, আহসানপুর, টেংগুরিয়া, সিংপুর, ভাটি বরাটিয়া, দিরওয়াইল ও ডুবি গ্রামের, করিমগঞ্জের পানাহার, গুণধর, উরদিঘী, মানিকপুর, সুধি, আশতকা, মোকামবাড়ী, জলভাঙ্গা, গাঙাটিয়া, উজানভরাটিয়া, কান্ডবখালি, ইন্দা, চুলনি, খয়রত ও মদন গ্রামের এবং মিঠামইনের গোবদিঘী, ধলাই, বগাদিয়া, শ্যামপুর, মুসুলিয়া, চানপুর, মামুদপুর, ঘাগড়া, গোবিন্দপুর ও অলুয়া গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। সেতুটি দেবে যাওয়ায় যাতায়াতের পাশাপাশি তারা মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তির শিকার হচ্ছে।
এ ছাড়া কিশোরগঞ্জ-মরিচখালি সড়ক দিয়ে স্থানীয় মরিচখালি বাজার থেকে সরাসরি ঢাকায় বাস চলাচল করে । মরিচখালি বাজারে ধান ও মাছের আড়তও রয়েছে। সেখান থেকে এ সড়ক দিয়ে প্রতিদিন অনেক মাছ দেশের বিভিন্ন জায়গায় যায়। ঢাকা থেকে প্রায়ই জ্বালানি তেলের গাড়ি মরিচখালি বাজারে আসে। তাই সেতুটি বন্ধ করে দেওয়ায় এসব এলাকার ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
মরিচখালি বাজারের ব্যবসায়ী নাজমুল হক বলেন, সেতুটি দেবে যাওয়ায় মরিচখালি বাজারের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার করা দরকার। কারণ এ বাজারে অনেক মাছের আড়ত, সারের ও জ্বালানি তেলের ডিলার রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মওলা বলেন, সেতুটির পশ্চিম দিকের পিলারের মাটি সরে গিয়ে কিছুটা দেবে গেছে। ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের কারণে পিলারের নিচের মাটি সরে যেতে পারে। খুব শিগগির বিশেষজ্ঞ এনে সেতুটি মেরামত বা পুনঃস্থাপন করা হবে। দুর্ঘটনা এড়াতে গাইড পোস্ট দিয়ে সেতুটি বন্ধ করে সাইনবোর্ড লাগিয়ে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।