পিলার ধসে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় পুরোনো ভবন ভাঙার সময় পিলারের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম সুজন মিয়া (১৯)। তিনি কলমাকান্দা উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা সালাম মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে একটার দিকে ১৫ থেকে ২০ জন শ্রমিক কলমাকান্দা উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় একটি আরসিসি পিলার ভেঙে শ্রমিক সুজন মিয়ার ওপর পড়ে।
অন্য শ্রমিকেরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহে নেওয়ার পথে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের দশধার এলাকায় তিনি মারা যান।
কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঠিকাদারের মাধ্যমে পুরোনো ভবনটি ভাঙার কাজ চলছিল। অসাবধানতাবশত ওই শ্রমিক পিলারের নিচে চাপা পড়েন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।