পিলার হয়েছে সাত বছর পাটাতন হয়নি আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলার করা হয়েছে সাত বছর আগে, পাটাতন হয়নি আজও। পড়ে থেকে নষ্ট হতে চলেছে দুই পাশে নির্মিত পিলার দুটি। আর নির্মাণকাজ শেষ না হওয়ায় খালের দুই পাড়ের মানুষের কষ্ট যাচ্ছে না। বছরের বেশির ভাগ সময় তাঁরা বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন। আর বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ অবস্থা ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দী ইউনিয়নের লক্ষ্মীপুর খালের কচাতলা ঘাটে। সরেজমিনে খালপাড়ে কথা হয় লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের সঙ্গে। তিনি জানান, লক্ষ্মীপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে এই খালটি। এই খালে বছরের সাত-আট মাস পানি থাকে। খালের উত্তরে রয়েছে লক্ষ্মীপুরের কিছু অংশ, মুক্তারামপুর, মাড়ন্দি, ফুরসন্দি, হুদা-ধনঞ্জয়পুর, সমসপুর ও রাজরামপুর। দক্ষিণে রয়েছে লক্ষ্মীপুরের বাকি অংশ, টিকারী, দহখোলা, দিঘিরপাড় ও বেরুইল। এ ছাড়া উত্তরে মাড়ন্দি আর দক্ষিণে টিকারী বাজার রয়েছে। টিকারী বাজারে রয়েছে টিকারী জেএমসি কলেজ, দহখোলা দাখিল মাদ্রাসা, টিকারী মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া উভয় বাজারে মসজিদ-মন্দির রয়েছে।মতিয়ার রহমানের ভাষায় এটি গ্রামীণ সড়ক হলেও প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া নসিমন-করিমন ও ভ্যান চলাচল করে। ১৯৯৬ সালে খালের ওপর কচাতলা ঘাটে একটি সেতু নির্মাণ শুরু হয়। কিছুটা কাজ হয়ে আর শেষ হয়নি, পড়ে আছে ওই অবস্থায়। যে দুটি পিলার তৈরি করা হয়েছে, তা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।টিকারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া আফরোজ জানায়, বাঁশের সাঁকো পার হতে গিয়ে মাঝেমধ্যেই তাদের দুর্ঘটনার শিকার হতে হয়। আর বর্ষার সময় স্কুল যাওয়া বন্ধ রাখতে হয়।ফুরসন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া অহিদুর রহমান জানান, ২৬ লাখ টাকা ব্যয় ধরে সেতুটি নির্মাণ শুরু করা হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স আসাদুজ্জামান। তবে মূলত কাজটি করেন আরেক ঠিকাদার মাহাবুবুর রহমান। ওই ঠিকাদার কাজ শুরু করে দুই প্রান্তের দুটি পিলার নির্মাণ শেষ করেন। ঠিকাদার মাহবুবুর রহমান বলেন, কাজটি শেষ করতে গেলে তাঁর অনেক টাকা লোকসান দিতে হতো। যে কারণে তিনি কাজটি আর করেননি। তিনি ছয় লাখ টাকা ব্যয় করে চার লাখ টাকা বিল পেয়েছেন। কাজ না করায় বাকি টাকা জরিমানা হিসেবে দিতে হয়েছে।ঝিনাইদহ সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন, ঠিকাদার কাজ না করে চলে যাওয়ার পর থেকে তাঁরা নতুন করে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে যাচ্ছেন।