পিলারে মোটরসাইকেলের ধাক্কা, এসএসসি পরীক্ষার্থী নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্যুতের পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী শহীদুল মোল্লা (১৭) নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই পরীক্ষার্থী। আজ বুধবার দুপুর সোয়া একটার দিকে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় পৌর সদরের করিম স মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল মোল্লা উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের কৃষক নজরুল মোল্লার ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে সে বড়। শহীদুল হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল অ্যান্ড বি এম ইনস্টিটিউটের ভকেশনালের কম্পিউটার আপারেটর শ্রেণির এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরীক্ষা কেন্দ্র ছিল বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ।
আহত দুই পরীক্ষার্থী হলো- রাসেল মোল্লা ও নাঈম মোল্লা। রাসেল হাসামদিয়া গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাঈমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাঈম একই গ্রামের রফিক মোল্লার ছেলে।
শাহ জাফর টেকনিক্যাল অ্যান্ড বি এম ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল ওই তিন পরীক্ষার্থী। পথে ফরিদপুরগামী একটি লোকাল বাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে শহিদুলসহ অপর দুই পরীক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ওরফে মুছা মিয়া বলেন, আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা ওরফে পলি নিহত পরীক্ষার্থী শহীদুলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি। উপজেলা পরিষদের ফান্ড থেকে শহীদুলের পরিবার এবং গুরুতর আহত রাসেল মোল্লার পরিবারকে ১০ হাজার করে টাকা সাহায্য দেওয়া হয়েছে।