পিলারের পাশ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে কালভার্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া কালভার্টের পিলারের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। গত ১৩ জানুয়ারি রাতে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় কালভার্টের রেলিং ভেঙে পড়ে। উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ওই এলাকা থেকে আড়াই হাজার ঘনফুট বালু জব্দ করেন। ১৪ জানুয়ারি দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকজন গ্রামবাসী জানান, উপজেলা ভূমি কার্যালয় থেকে এখানকার বালুমহাল কাউকে ইজারা দেওয়া হয়নি। ক্ষমতাসীন দলের কতিপয় নেতার পরিচয়ে স্থানীয় হারিছ মিয়া, বাছিত মিয়া, হারুন মিয়া, রবিন মিয়া, বারেজ আলী, হামিদ মিয়া, নুরুজ মিয়াসহ একটি দল ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের নিয়োজিত বালুশ্রমিকেরা কালভার্টের পিলারের (ইট, সিমেন্টের খুঁটি) চারদিক খনন করেও বালু উত্তোলন করছেন। এতে কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘এর আগে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় উত্তোলনকারীরা উল্টো আমার বিরুদ্ধেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন।’ তিনি আরও বলেন, ১৩ জানুয়ারি রাতে সুনছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকযোগে পাচারের সময় গ্রামবাসী ধাওয়া করে। এ সময় ট্রাক নিয়ে চালক পালাতে গেলে ট্রাকের ধাক্কায় কালভার্টের এক পাশের রেলিং ভেঙে পড়ে। বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে।গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি ট্রাক বালু এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন সুনছড়া থেকে গড়ে ১০ ট্রাক বালু বিক্রি করা হয়। এ হিসাবে বিগত চার বছরে সুনছড়া থেকে কোটি টাকার বালু অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এতে সরকার অনেক রাজস্ব হারিয়েছে।মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত হারুন মিয়া ও বাছিত মিয়া দাবি করেন, তাঁরা বালু উত্তোলন করছেন না। এ ব্যাপারে কমলগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার ইভং হাল সিং বলেন, তদন্ত করতে গিয়ে সুনছড়ার পাড় থেকে আড়াই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।