পিস কর্পসের কার্যক্র মশুরু হতে যাচ্ছে
মার্কিন স্বেচ্ছাসেবী সংগঠন পিস কর্পস চার বছর বিরতির পর আবার বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি পিস কর্পসের কাজ শুরু করার ব্যাপারে সরকারের কাছে তাদের আগ্রহের কথা জানায়। সরকার এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, পিস কর্পসের কাজ আবার শুরু করার বিষয়ে এ বছরের শুরুতে সরকারকে চিঠি দেয় ঢাকায় মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্র ওই চিঠিতে জানায়, বাংলাদেশের কোন ক্ষেত্রগুলোতে স্বেচ্ছাসেবীরা কাজ করবেন, তা যাচাই করা হচ্ছে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, কবে কার্যক্রম শুরু হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বছরই যুক্তরাষ্ট্র পিস কর্পসের কাজ শুরু করতে চায়। এ নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের কাজের ক্ষেত্র নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।মার্কিন দূতাবাসের এক মুখপাত্র গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে পিস কর্পসের কাজ অচিরেই শুরুর বিষয়টি দেখতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ জঙ্গি হামলার আশঙ্কায় ২০০৬ সালের মার্চে বাংলাদেশে পিস কর্পসের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সে সময় বাংলাদেশে কর্মরত প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবীকে ফিরিয়ে নেওয়া হয়। তখন দেশজুড়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নাশকতামূলক তত্পরতা ছড়িয়ে পড়ায় পিস কর্পস তাদের কার্যত্রম গুটিয়ে নেয়।ইআরডির এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের আগ্রহের পরিপ্রেক্ষিতে আগামী দিনে মার্কিন পিস কর্পস কোন ক্ষেত্রগুলোতে কাজ করবে, তা আলোচনার জন্য গত এপ্রিলে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক স্তরে ইংরেজির পাঠ্যক্রম তৈরি ও ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষিত করার বিষয়ে অবদান রাখতে পারেন পিস কর্পসের সদস্যরা—আলোচনায় এমন মতামত প্রাধান্য পায়।মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ৬ জুন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক শেষে জানান, পিস কর্পসের কাজ শুরুর বিষয়ে তিনি ওয়াশিংটনে কথা বলবেন। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে আবার পিস কর্পসের কাজ শুরুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।১৯৭৮ ও ১৯৯৮ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত দুটি চুক্তির ভিত্তিতে পিস কর্পস এখানে কাজ শুরু করে। এর আগে ২০০১ সালে একবার খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে পিস কর্পস কাজ বন্ধ রেখেছিল।মার্কিন স্বেচ্ছাসেবীরা ১৯৬০ সাল থেকে বিশ্বজুড়ে পিস কর্পসের হয়ে কাজ করছেন। এ পর্যন্ত আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় অঞ্চল, মধ্য এবং দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ১৩৯টি দেশে পিস কর্পসের প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী শিক্ষা ও তথ্যপ্রযুক্তির প্রসার, এইচআইভি প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য ভূমিকা রেখেছেন।