পিসিপি নেতার মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
নগরের চেরাগী পাহাড় মোড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ির পানছড়ি থেকে অসুস্থ মাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরে নিয়ে আসার পথে বিপুল চাকমাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অবিলম্বে বিপুল চাকমার মুক্তি দাবি করেন। মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক স্বরজিৎ চাকাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক যুবনেতা সুকৃতি চাকমা। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের অন্যতম সংগঠক সামিউল আলম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিকো চাকমা।
সমাবেশের আগে চট্টগ্রাম শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে হয়।
এদিকে বিপুল চাকমার মুক্তির দাবিতে আজ সোমবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অর্ধদিবস সড়ক অবরোধ ডেকেছে পিসিপি। গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক অবরোধের বিষয়টি জানানো হয়।
খাগড়াছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, বিপুল চাকমার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার মধ্যে খাগড়াছড়ি সদর থানায় ১৫টি ও পানছড়ি থানায় ২টি মামলা রয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, উপজেলার মোহাম্মদপুর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গতকাল বিপুল চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে।