পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার
চট্টগ্রাম নগর থেকে পিস্তল ও গুলিসহ চোরকারবারি দলের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে সিটির গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া যুবকের নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী চোরাকারবারি দলের সদস্য বলে পুলিশ দাবি করেছে। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, জাহিদুল চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকার চোরাকারবারি মিজানের সহযোগী। দুই-তিন সপ্তাহ আগে মিজান চট্টগ্রামের এক সন্ত্রাসীর কাছ থেকে পিস্তল ও গুলি ভাড়া করে নেন। বিশেষ করে ঈদ উপলক্ষে ভারতীয় শাড়ি সীমান্ত দিয়ে নিরাপদে পাচার করে আনার উদ্দেশ্যে অস্ত্রটি ভাড়া করা হয়। তানভীর আরাফাত আরও বলেন, প্রয়োজন শেষে অস্ত্রটি আবার চট্টগ্রামের সন্ত্রাসীর কাছে পৌঁছানো হচ্ছিল। এ জন্য মিজান জাহিদুলকে পাঁচ হাজার টাকা দেন। তিনি বলেন, তাঁরা মিজানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছেন।