পিস্তল, গুলিসহ তিন তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলিসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় বিরামপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে বিজিবি।
গত সোমবার বিরামপুরের বিজুল এলাকা থেকে বিজিবি হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের এনামুল হক (২৫), রংপুর জেলার গুপ্তপাড়া মহলল্লার আবু সাইদ (২৭) এবং খুলনা জেলার নন্দনা মহল এলাকার শুকুর আলীকে (২৫) গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিরামপুর থানায় শুকুর আলী বলেন, তিনি এবং আবু সাইদ ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সেখানে কর্মরত শফিক নামের এক ব্যক্তি তাঁদের অস্ত্র আনতে পাঠান। অস্ত্রটি ঢাকায় এনে আবদুল্লাহপুর এলাকার গোলাপ নামের এক ব্যক্তিকে দেওয়ার জন্য ১০ হাজার টাকায় শুকুরের সঙ্গে শফিকের চুক্তি হয়। অস্ত্রটি আনার জন্য শফিক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের নয়ন আলীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। শুকুর আবু সাইদকে নিয়ে রোববার ভোরে বিরামপুরে আসেন। এরপর নয়নের সঙ্গে সীমান্তসংলগ্ন ভারতের হিলি এলাকায় যান। সেখানে পিস্তল কেনার সময় ভারতীয় পুলিশ তাঁদের ধাওয়া করলে তাঁরা নয়নের পূর্বপরিচিত এনামুলের বাড়িতে আশ্রয় নেন। সোমবার সকালে আবার তাঁরা ভারতের হিলি এলাকায় গিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি কেনেন। দুপুরে তাঁরা বিরামপুরের বিজুলের উদ্দেশে রওনা হন। পথে বিজিবি তাঁদের অস্ত্রসহ আটক করে।
বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ জানান, এ ঘটনায় বিরামপুর থানায় মামলা করা হয়েছে।