পিস্তল চুরি যাওয়ায় এএসআই বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এক কর্মকর্তার বাড়ি থেকে পিস্তল চুরি যাওয়ায় আজ শনিবার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত ওই পুলিশ কর্মকর্তা হলেন মো. গোলাম মোস্তফা। তিনি নবীনগর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই মো. গোলাম মোস্তফা পরিবারসহ উপজেলা সদরের পদ্মপাড়ার একটি বাসায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি থেকে পিস্তল, নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। এ সময় এএসআই গোলাম মোস্তফা বাড়িতে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনার রাতে আমি থানায় রাত্রিকালীন দায়িত্বে নিয়োজিত ছিলাম। এ সুযোগে চোরের দল এ ঘটনা ঘটায়।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, পিস্তল চুরি হয়ে যাওয়ার অপরাধে পুলিশের ওই কর্মকর্তাকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।