পিস্তল তাক করে চাঁদা আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এক শিক্ষকের দিকে পিস্তল তাক করে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।
ছাত্রলীগের ওই নেতার নাম মো. শাকিল হোসেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক। শিক্ষকের নাম মো. আমিনূর রহমান। তিনি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক।
আমিনূর রহমান বলেন, গত ২৯ এপ্রিল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা কুয়াকাটায় শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন শাকিল হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর কাছে বিনা খরচে তাঁদের ২০ জন কর্মীকে শিক্ষা সফরে নেওয়ার দাবি জানান। দাবি না মানায় তাঁরা ভূগোল বিভাগের প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেনের মধ্যস্থতায় কলেজের স্টাফ কাউন্সিলের তহবিল থেকে ছয় হাজার টাকা দেওয়া হলে ছাত্রলীগের কর্মীরা তালা খুলে দেন। সম্প্রতি শাকিল তাঁর (আমিনূর) কাছে আবারও চাঁদা দাবি করেন।
আমিনূর রহমান বলেন, গতকাল সকালে শাকিল টাকার জন্য মুঠোফোনে তাঁকে (আমিনূর) নানা হুমকি-ধমকি দেন। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. তাজউদ্দিনের সামনে অধ্যক্ষকে বিষয়টি জানান তিনি। পরে কক্ষে গিয়ে দরজা বন্ধ করে কাজ করতে থাকেন তিনি ও তাঁর সহকর্মী দীপু দেবনাথ। পাঁচ মিনিট পর শাকিলের নেতৃত্বে সাত-আট জন ক্রিকেট ব্যাট দিয়ে দরজায় আঘাত করতে থাকেন। শাকিল জানালার গ্রিলের ফাঁক দিয়ে একটি পিস্তল তাঁর (আমানূর) দিকে তাক করে হত্যার হুমকি দিয়ে দরজা খুলতে বলেন। দুপুরে কলেজের অধ্যক্ষ আলতাফ ও শিক্ষক মুজিবুর রহমান শাকিলকে ১০ হাজার টাকা দিয়ে ঘটনার মীমাংসা করেন।
শাকিলের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান বলেন, শাকিলের চাঁদাবাজির বিষয়টি তাঁর জানা নেই।
আলতাফ হোসেন বলেন, বিষয়টি তাঁরা নিজেরাই মীমাংসা করেছেন।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি।