পিস্তল নিয়ে কিশোরের খেলা, শিশু গুলিবিদ্ধ
রাজধানীর পল্টন এলাকায় নিজের বাসায় পিস্তল নিয়ে খেলছিল এক কিশোর। হঠাৎ একটি গুলি বের হয়ে যায়। এতে আহত হয় জান্নাত নামের এক শিশু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন মারজান আক্তার নামের এক নারী ও রাশেদ নামের এক যুবক। মারজান নিজেকে আহত শিশুর চাচি বলে পরিচয় দেন। আর রাশেদ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী। রাশেদ সাংবাদিকদের জানান, শিশুটিকে নিয়ে রিকশায় করে ঘোরার সময় সে গুলিবিদ্ধ হয়।
যোগাযোগ করা হলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি সারা দিন পোস্ট অফিস স্কুলের সামনে দায়িত্ব পালন করেন। কিন্তু কোথাও কোনো গোলাগুলির ঘটনা শোনেননি। এর আধা ঘণ্টা পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রাশেদ ও মারজানকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা জানান, জান্নাতের বাসা মিরপুরের শেওড়াপাড়ায়। গতকাল সে পরিবারের সঙ্গে পল্টনের শান্তিনগর এলাকার পীর সাহেবের গলিতে ফুফার বাসায় বেড়াতে আসে। ফুফা কাওছার ঠিকাদারি ব্যবসা করেন। বিকেল সাড়ে চারটার দিকে কাওছারের ১২ বছরের ছেলে মাহি লাইসেন্স করা পিস্তল নিয়ে খেলা করছিল। এ সময় অসতর্কতাবশত একটি গুলি বের হয়ে জান্নাতের পেটে লাগে।