পিস্তল পরিষ্কার করার সময় গুলিতে এক নারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকার একটি বাড়িতে গতকাল রোববার দুপুরে পিস্তল পরিষ্কার করার সময় গুলি বেরিয়ে পারুল বেগম (৪৮) নামের একজন নারী আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে পারুল বেগম তাঁর ছোট বোনের স্বামী জাপানফেরত মনিরুজ্জামানের উত্তর যাত্রাবাড়ীর বাসায় যান। বেলা একটার দিকে মনিরুজ্জামান তাঁর লাইসেন্স করা পিস্তলটি পরিষ্কার করছিলেন। এ সময় তাঁর ছোট ছেলে পিস্তলের কাছে এলে তিনি তাঁকে সরিয়ে দেওয়ার সময় পিস্তলের ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যায়। গুলিটি পারুলের পেটের বাঁ পাশে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ম্যাগজিন খুলে পিস্তল পরিষ্কার করার সময় একটি গুলি ভেতরে ছিল। চাপ লেগে সেটি বেরিয়ে যায়। তিনি বলেন, পিস্তলটি লাইসেন্স করা হলেও সেটি জব্দ করা হবে।