রাজধানীর পুরানা পল্টনে সাংসদ গোলাম দস্তগীর গাজীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রলীগের নেতাকে যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল সেটি উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাতে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এলাকা থেকে ইমতিয়াজ আহম্মেদ (২৫) নামের এক যুবকের কাছ থেকে পিস্তলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বিকেলে পুরানা পল্টনে সাংসদ গোলাম দস্তগীরের রাজনৈতিক কার্যালয়ে পেটে গুলিবিদ্ধ হন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনায় ১৩ ফেব্রুয়ারি রাতে পুরানা পল্টন থানায় করা হত্যাচেষ্টা মামলার এজাহারে বলা হয়, মাসুদ রানার সঙ্গে মোশাররফের পূর্বশত্রুতা ছিল। বিষয়টির মীমাংসার জন্য পল্টনে সাংসদের রাজনৈতিক কার্যালয়ে উভয় পক্ষকে আসতে বলেন সাংসদ গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব কামরুজ্জামান। ঘটনার দিন বেলা সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের তিন ছাত্রলীগ নেতার সঙ্গে ওই কার্যালয়ে যান মোশাররফ। সেখানেই মাসুদ রানাসহ অজ্ঞাতপরিচয় দুজন প্রথমে মোশাররফকে থাপ্পড় মারেন। পরে মাসুদ রানা মোশাররফের পেটে গুলি করে পালিয়ে যান। মামলায় মাসুদ রানার অজ্ঞাতনামা দুই সহযোগী ও গুলির নির্দেশদাতা হিসেবে কামরুজ্জামানকে আসামি করা হয়। কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিনি জামিন পান। ১৬ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে র্যা ব-৩। পরে তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানিয়েছেন, গুলি করার পর সাংসদের রাজনৈতিক কার্যালয়ের সামনে তিনি পিস্তলটি ইমতিয়াজ আহম্মেদের কাছে দিয়ে পালিয়ে যান। মাসুদ রানার তথ্যের ভিত্তিতে সোমবার রাতে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইমতিয়াজের কাছে একটি পিস্তল পাওয়া যায়। এই পিস্তল দিয়েই মাসুদ রানা গুলি করে মোশাররফকে আহত করেছিলেন। এ ব্যাপারে সোমবার রাতে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছে। মামলায় ইমতিয়াজ ও মাসুদ রানাকে আসামি করা হয়েছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই রিমান্ডে নেওয়া হবে।