
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ব্যবহৃত পিস্তল না পাওয়ায় এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি বলেছে, অভিযোগপত্র প্রস্তুত থাকলেও আটকে আছে কেবল পিস্তলের কারণে।
এদিকে সিজার হত্যা মামলায় আসামিদের মধ্যে দুজন তামজিদ আহমেদ (রুবেল) ও রাসেল চৌধুরী ইতিপূর্বে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন। গ্রেপ্তার থাকা অন্য তিনজনের পরিবারও দাবি করেছে, ওই তিনজনও সিজার হত্যায় জড়িত নন।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে গুলি করে হত্যা করা হয় নেদারল্যান্ডসভিত্তিক একটি এনজিওর কর্মকর্তা সিজার তাবেলাকে (৫১)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই তরুণ তাবেলাকে গুলি করে অপেক্ষমান এক ব্যক্তির মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।
ঘটনার পরপর সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হত্যার দায় স্বীকার করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর বের হয়। পরে আইএসের নিজস্ব সাময়িকী দাবিক-এর নভেম্বর সংখ্যায় একটি নিবন্ধে দাবি করা হয়, আইএসের একটি ‘সিকিউরিটি সেল’ ঢাকায় সিজার তাবেলাকে চিহ্নিত করে হত্যা করেছে। এর পাঁচ দিন পর আইএসের সদস্যরা আবার আঘাত হানেন রংপুরে, যেখানে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করা হয়।
বাংলাদেশের সরকার শুরু থেকেই আইএসের দাবি নাকচ করে আসছে। পরে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়, জাপানি নাগরিক হত্যাসহ আইএসের দাবি করা অন্যসব ঘটনায় দেশিয় জঙ্গিসংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি জড়িত। আর সিজার তাবেলা হত্যায় বিএনপি জড়িত বলে শুরুতেই সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, তদন্ত কার্যক্রম সে পথেই এগিয়েছে।
মামলার তদন্তকারী সংস্থা ডিবির সূত্র বলেছে, সিজার তাবেলা হত্যায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম, তাঁর ভাই আবদুল মতিনসহ সাতজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অন্যরা হলেন তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন, শাখাওয়াত হোসেন ওরফে শরীফ এবং ভাঙারি সোহেল। এই সাতজনকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত রয়েছে। এঁদের মধ্যে কাইয়ুম ও ভাঙারি সোহেল ছাড়া বাকি সবাই গ্রেপ্তার আছেন। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে মতিন ছাড়া অন্য চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এঁরা সবাই রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জঙ্গিবাদ দমন-সংক্রান্ত পুলিশের বিশেষ ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা এম এ কাইয়ুমের পরিকল্পনা ও অর্থায়নে সিজার তাবেলাকে হত্যা করা হয়েছে বলে ডিবির কাছে তথ্যপ্রমাণ আছে। মামলার তদন্তও শেষ হয়েছে। তাবেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত পিস্তলটির সন্ধান না পাওয়ায় অভিযোগপত্র আদালতে জমা দেওয়া যাচ্ছে না।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, রাসেল ও মিনহাজুল তাঁদের দেওয়া জবানবন্দিতে হত্যার নির্দেশদাতা হিসেবে এম এ কাইয়ুমের ভাই মতিনের নাম বলেছেন। তদন্তে জানা গেছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতেই এই হত্যার পরিকল্পনা করা হয়। মতিনের নির্দেশে শাখাওয়াতের মোটরসাইকেল নিয়ে মিনহাজুল, তামজিদ ও রাসেল গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে যান। মোটরসাইকেল চালান মিনহাজুল। আর সিজার তাবেলাকে গুলি করেন তামজিদ।
অবশ্য তামজিদের মামা মাইনউদ্দিন আহমেদ এবং রাসেলের বাবা শাহজাহান চৌধুরী প্রথম আলোকে জানান, আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের জন্য গত নভেম্বরের শেষ দিকে তামজিদ এবং ডিসেম্বরে রাসেল আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন।
মাইনউদ্দিন বলেন, ডিবি পুলিশের মারধর, ভয়ভীতি ও চাপের মুখে তামজিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ‘সে ছোটবেলা থেকে আমাদের কাছে বড় হয়েছে। সে কখনো কারও সঙ্গে মারামারি করেনি। কোনো দল করে না। থানায় কোনো জিডি বা মামলাও নেই। আর, খুন করলে তো সে পালিয়ে যেত, বাসায় থাকত না।’
রাসেলের বাবা শাহজাহান চৌধুরী দাবি করেন, পুলিশের এক তথ্যদাতার (সোর্স) শ্যালককে নেশা করতে বাধা দেওয়ায় ওই সোর্স ডিবির মাধ্যমে রাসেলকে এ মামলায় ফাঁসিয়েছেন। পরে রিমান্ডে তাঁর ছেলের ওপর নির্যাতন করা হয়। তিনবার রাসেলকে হাতিরঝিল এলাকায় নিয়ে তাঁর কানের পাশ দিয়ে কয়েকটি গুলি করে ভয় দেখানো হয়। এরপর রাসেল ডিবির লেখা কাগজ মুখস্থ করে আদালতে জবানবন্দি দেন। শাহজাহান বলেন, কারাগারে দেখা করতে গেলে রাসেল তাঁকে এসব বলেছেন এবং শার্ট খুলে সারা শরীরে পুলিশের পেটানোর চিহ্ন দেখিয়েছেন।
কারাগারে থাকা এম এ মতিনের স্ত্রী মুসাররাত জাহান বলেন, ‘আপনারাই ভালো জানেন। আমার বলার আর কিছু নেই। মাঝেমধ্যে কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে যাই।’
অপর দুই আসামি মিনহাজুল ও শাখাওয়াতের স্বজনদেরও দাবি, ডিবি ভয়ভীতির মাধ্যমে তাঁদের স্বীকারোক্তির জন্য বাধ্য করেছে।
এ বিষয়ে মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ও ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো ভয়ভীতি দেখানো হয়নি, তাঁরা স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। এখন যদি তাঁরা এমন দাবি করেন, তা শোভনীয় নয়।