পিস্তলের লাইসেন্স পাচ্ছেন শামীম ওসমানের শ্যালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের নসিব পরিবহন থেকে ছয় কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ ওঠা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান ওরফে নিপু পিস্তলের লাইসেন্স পাচ্ছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুপারিশ করা এহসানুলের আবেদনটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখায় রয়েছে। এহসানুল নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের স্ত্রীর আপন চাচাতো ভাই।
প্রশাসন সূত্র জানায়, ব্যক্তিগত নিরাপত্তার জন্য এহসানুল পিস্তলের লাইসেন্স চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করেন। এহসানুল উল্লেখ করেন, তিনি ব্যবসা করেন। ২০১১-২০১২ অর্থবছরে তিনি তিন লাখ চার হাজার টাকা আয়কর জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড নারায়ণগঞ্জ কর অঞ্চলের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, এক অর্থবছরে ওই পরিমাণ টাকা আয়কর দিতে হলে একজন করদাতাকে কমপক্ষে ৬০-৭০ লাখ টাকা আয় দেখাতে হয়।
নিয়ম মোতাবেক এহসানুলের আবেদন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্তের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পুলিশের বিশেষ শাখা ফতুল্লা মডেল থানার মাধ্যমে এহসানুল সম্পর্কে তদন্ত করায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, প্রয়োজনীয় তদন্ত করে পুলিশ এহসানুলের বর্তমান ও অতীত রেকর্ড ভালো পেয়েছে। তাই লাইসেন্স প্রদানের পক্ষে প্রতিবেদন দেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, পুলিশের প্রতিবেদন পেয়েই আবেদনটি সুপারিশসহ ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, দু-একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া মূলত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত নিরাপত্তার জন্য ক্ষুদ্র অস্ত্রের লাইসেন্সের অনুমতি দিয়ে থাকে।
চাঁদাবাজির অভিযোগ: গত ২২ আগস্ট এহসানুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন নারায়ণগঞ্জের নসিব পরিবহনের সব বাসের মালিকেরা। তাঁরা অভিযোগ করেছিলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এহসানুল নসিব পরিবহন থেকে এ পর্যন্ত ছয় কোটি টাকা চাঁদা নিয়েছেন। এহসানুলকে চাঁদা দেওয়া বন্ধ করে নসিব পরিবহনের মালিকেরা যাত্রীপ্রতি ভাড়া ১৮ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা নির্ধারণ এবং চালক ও সহকারীদের মজুরি বাড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সমেঞ্চলনের পরপরই র‌্যাব-১১-এর সদস্যরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এহসানুলের প্রধান সহযোগী সাইফুল ইসলাম ভূঁইয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করে থানায় সোপর্দ করে।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে এহসানুল হাসান প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিয়ম মোতাবেক তিনি পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করেছেন।