পিৎজা পাস্তার উৎসব আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাস্তা, পিৎজা, রিসেতো এখন আর কোনো অপরিচিত খাবার নয়। শহুরে মানুষের রসনা সংস্কৃতিতে অনেকটাই মিশে গেছে এসব ইতালীয় খাবার। তবে সত্যিকারের ইতালীয় খাবারের স্বাদ পাওয়া যে খুব সহজ, তা কিন্তু নয়। তাই ভোজনরসিকদের কথা মাথায় রেখে ঢাকার র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল আয়োজন করেছে ইতালিয়ান খাদ্য উৎসবের। ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ১০ দিন এই উৎসব চলবে র্যা ডিসনের ব্রেসারি রেস্টুরেন্টে।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন হোটেলের মহাব্যবস্থাপক ক্রিস্টোফ ভোগেলি। নির্বাহী সহকারী ব্যবস্থাপক সাঈদ আহমেদ এবং ইতালিয়ান শেফ অ্যান্টনীয় গ্রাভাগনো এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশিদের মধ্যে ইতালীয় খাবারের চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে এবং নতুন করে এসব খাবার জনপ্রিয় করতে এ খাদ্য উৎসবের আয়োজন। উৎসব উপলক্ষে আসল ইতালীয় খাবারের পরিবেশনা থাকবে। তাঁরা জানান, বাংলাদেশে ফাস্টফুডের জোয়ার শুরু হওয়ার সময় থেকেই ইতালীয় খাবারের প্রচলন হয়। তবে পিৎজাপ্রেমিকদের অনেকেই পিৎজায় ইতালীয় স্বাদ খুঁজে বেড়ান।
সত্যিকারের ইতালীয় স্বাদ এসব পিৎজায় কতটুকু পাওয়া যায়—জানতে চাইলে হোটেলের নির্বাহী সহকারী ব্যবস্থাপক সাঈদ আহমেদ বলেন, ইতালীয় যেসব খাবার এ দেশে পাওয়া যায়, তার বেশির ভাগই বাংলাদেশি স্বাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। উৎসবে উপভোগ করবেন সত্যিকারের ইতালীয় খাবারের স্বাদ। জলপাই, তেল, নানা রকম ভেষজ ও পনিরের প্রাধান্য থাকে এসব খাবারে। এসব খাবারের দাম কত পড়বে? ক্রিস্টোফ বললেন, বুফে পরিবেশন করা হলে জনপ্রতি পড়বে ৩৯৯৯ টাকা।