পিৎজা হাট ও কেএফসিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি ও পিৎজা হাটকে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ স্থাপন, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও উচ্চমাত্রার শব্দদূষণের কারণে গতকাল সোমবার এই জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ছাড়া উত্তরার ১৯ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র না থাকারও অভিযোগ তুলেছে পরিবেশ অধিদপ্তর।অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেস্তোরাঁ দুটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক জেনারেটর, এক্সহস্ট ফ্যান (বাতাস বের হওয়ার পাখা) এবং শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ঘরের বাইরের অংশে স্থাপন করেছে। এলাকার বাসিন্দারা প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে উচ্চমাত্রার শব্দদূষণের অভিযোগ করলে রোববার নির্গত শব্দের মানমাত্রা পরীক্ষা করা হয়। পরিবেশ অধিদপ্তরের মানমাত্রা অনুযায়ী, ওই এলাকায় শব্দের সহনীয় মাত্রা দিনে ৪৫ ও রাতে ৪০ ডেসিবেল। কেএফসি ও পিৎজা হাটে মানমাত্রা পাওয়া গেছে ৭৫ দশমিক ৪ ডেসিবেল। জানতে চাইলে বাংলাদেশে কেএফসি ও পিৎজা হাটের ফ্রানচাইস ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী প্রথম আলোকে বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎসংযোগ নিশ্চিত করতে ও গ্রাহকদের সুবিধার জন্য জেনারেটর ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) স্থাপন করা হয়। এগুলো থেকে নির্গত শব্দের মানমাত্রা ইতিমধ্যে অনেক কমিয়ে আনা হয়েছে। এসির যন্ত্রগুলো ছাদে নেওয়া হচ্ছে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে বলে জানান তিনি।