পিয়নই যেখানে চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার কাজ নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের। কিন্তু রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর উপস্বাস্থ্যকেন্দ্রে সেই চিকিৎসা দিচ্ছেন একজন এমএলএসএস।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ মার্চ দুপুর ১২টার দিকে ওই উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে শিশুসহ নারী-পুরুষের ভিড়। কেন্দ্রটি তখনো তালাবদ্ধ। ঘড়ির কাঁটায় তখন সোয়া ১২টা। বাইসাইকেলে চেপে এক ব্যক্তি এসে তালা খুলে চিকিৎসকের চেয়ারে বসলেন। শুরু করলেন আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান। রোগীরাও তাঁকে ঘিরে হুমড়ি খেয়ে পড়ল। দেখা গেল, শিশুসহ বয়স্ক রোগীদের মুখে রোগের বর্ণনা শুনে তিনি একের পর এক পরামর্শ ও ওষুধ দিচ্ছেন।
এ সময় বসন্তপুর গ্রামের খালেদা বেগম (৪০) ওই ব্যক্তিকে বলেন, ‘স্যার, মোর জ্বর, প্যাটের বিষ।’ শুনেই টেবিলের ড্রয়ারে রাখা কৌটা থেকে চারটি ট্যাবলেট বের করে দিয়ে তিনি খালেদার উদ্দেশে বলেন, ‘এই ট্যাবলেট পানিতে গুলে খাবেন।’
বসন্তপুর গ্রামের নুর বানু (২৫) তাঁর চার বছরের মেয়ে ঋতুমণিকে নিয়ে এসেছেন জ্বর-সর্দি-কাশি হয়েছে বলে। কথিত ওই চিকিৎসক রোগের বর্ণনা শুনে শিশুটির এক হাত ধরে বলেন, ‘এখন জ্বর কম।’ এরপর ওই একই কৌটা থেকে তিনটি ট্যাবলেট তুলে মায়ের হাতে দিয়ে শিশুটিকে সেগুলো পানিতে গুলিয়ে খাওয়ানোর পরামর্শ দেন।
এই প্রতিবেদক কথিত চিকিৎসকের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, নাম সুভাষ চন্দ্র রায়। চিকিৎসক নন তিনি। এমএলএসএস পদে এই কেন্দ্রে চাকরি করেন। রোগীদের চিকিৎসা দেওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘এখানে চিকিৎসক না থাকায় জাকির স্যারের অর্ডারে অনেক দিন ধরেই আমি চিকিৎসা দিই।’ চিকিৎসা দিতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে বলেন, ‘এখানে থাকতে থাকতে অভিজ্ঞতা হয়েছে।’ দেরিতে স্বাস্থ্যকেন্দ্র খোলার বিষয়ে বলেন, ‘সকাল থেকে খোলাই ছিল। বন্ধ করে পাশের বাজারে চা খেতে গিয়েছিলাম।’
খোঁজ নিয়ে জানা যায়, জাকির হোসেন ওই উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। জাকিরসহ এই উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএসের পদ রয়েছে। ফার্মাসিস্টের পদ চার বছর ধরে শূন্য। বাকি পদগুলোতে লোক আছে।
বসন্তপুর গ্রামের মোছাদ্দেক হোসেন (৪৫) অভিযোগ করেন, ‘এখানে ডাক্তারকে কোনো দিন চোখেও দেখিনি। চিকিৎসা দেন অফিসের পিয়ন। তিনিই ডাক্তার, তিনিই পিয়ন। তা-ও ভালো, পিয়ন আছে। তাই গরিব মানুষ সরকারি ওষুধ পাচ্ছে।’
নন্দনপুর গ্রামের খালেদা বেগম (৪০) বলেন, ‘এখানে কাঁয় ডাক্তার, কাঁয় পিয়ন তাক তো হামরা চিনি না। অনেক দিন থাকি সুভাষ ডাক্তার (এমএলএসএস) হামাক চিকিৎসা দেয়।’
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে গোপালপুর ইউনিয়নে ওই উপস্বাস্থ্যকেন্দ্র অবস্থিত। ওই ইউনিয়নসহ পার্শ্ববর্তী রংপুর সদরের চন্দনপাঠ ইউনিয়নেরও প্রায় ৩০ হাজার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন রোগী এখানে চিকিৎসা নেয়। এখানে ইসতিয়াক মাহমুদ নামে একজন চিকিৎসা কর্মকর্তা কাগজে-কলমে নিয়োজিত থাকলেও তিনি চিকিৎসা দেন না। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন থাকেন রংপুর সদরে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এমএলএসএস সুভাষ চন্দ্রই স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র ভরসা। কিন্তু তিনিও কেন্দ্রটি ঠিক সময়ে খোলেন না। নিয়মানুযায়ী শুক্রবার বাদে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপস্বাস্থ্যকেন্দ্রটি খোলা থাকবে। আর একজন এমবিবিএস চিকিৎসক এই সময়ে আসা রোগীদের চিকিৎসাসেবা দেবেন।
ওই দিনই তাৎক্ষণিকভাবে জানতে চাইলে জাকির হোসেন মুঠোফোনে বলেন, ‘ভাই, সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রে ছিলাম। একটু ব্যস্ততার কারণে পিয়নকে রেখে বাসায় যাচ্ছি।’ কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক বসেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসার আড়াই বছরে কোনো চিকিৎসক পাইনি।’
চিকিৎসা কর্মকর্তা ইসতিয়াক মাহমুদ মুঠোফোনে বলেন, ‘আমার চাকরি ওই স্বাস্থ্যকেন্দ্রে হলেও স্যারের (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) অফিশিয়াল নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে রোগীদের চিকিৎসাসেবা দিই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘ওই স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসক ইসতিয়াক মাহমুদ নিয়োজিত আছেন। কিন্তু চিকিৎসকের সংকট থাকায় তাঁকে সেখান থেকে তুলে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমএলএসএস কাউকে চিকিৎসা দিতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের সিভিল সার্জন জাকিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমএলএসএসের চিকিৎসা দেওয়ার কিংবা চিকিৎসকের চেয়ারে বসার কোনো এখতিয়ার নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’