পিয়নকে স্বেচ্ছাসেবক লীগ নেতার মারধর
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেনের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের অফিস সহকারী (পিয়ন) হেলাল উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) একটি প্রকল্পের খাদ্যশস্যের ছাড়পত্র (ডিও) ছাড় করানোর জন্য তিনি এ ঘটনা ঘটিয়েছেন। পিআইও কার্যালয় থেকে জানা গেছে, কিছুদিন আগে জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়ক সংস্কারের জন্য কাবিখার প্রকল্প কমিটি গঠন করে পিআইও কার্যালয়ে জমা দেন মোবারক হোসেন। একই প্রকল্প বাস্তবায়নের জন্য জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের সুপারিশ করা আরেকটি কমিটি জমা পড়ে ওই কার্যালয়ে। মোবারক হোসেনের জমা দেওয়া কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীরপুর ইউপির সদস্য আবদুল মজিদের নাম লেখা থাকলেও তাঁর সই ছিল না। ফলে কমিটিসংক্রান্ত কাগজপত্রে থাকা অন্য সদস্যদের সইয়ের সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সংশ্লিষ্ট কার্যালয়। পিআইও খুরশীদ আলম জানান, কাবিখার বিশেষ বরাদ্দের প্রকল্প নির্ধারণ করে দিয়েছেন স্থানীয় সাংসদ আবদুস সালাম। সেই নির্দেশনা অনুযায়ী ইউপি চেয়ারম্যানের সই করা কমিটি তাঁদের কাছে বৈধ বলে মনে হয়েছে। অফিস সহকারী হেলাল উদ্দিন অভিযোগ করেন, মোবারক হোসেন গতকাল কার্যালয়ে এসে তাঁর কমিটির অনুকূলে প্রকল্পের খাদ্যশস্য উত্তোলনের ছাড়পত্র (ডিও) দেওয়া হচ্ছে কি না তা জানতে চান। বিষয়টির ব্যাখ্যা দিতে চাইলে মোবারক হোসেন উত্তেজিত হয়ে তাঁকে লাঞ্ছিত করেন। মোবারক হোসেন তাঁর জমা দেওয়া কমিটিকে বৈধ বলে দাবি করে বলেন, তিনি ওই অফিস সহকারীকে লাঞ্ছিত করেননি।