পিয়নের চিকিৎসার পর গাভির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এমএলএসএস (পিয়ন) আইয়ুব আলী পশুচিকিৎসকের প্রতিনিধি হিসেবে একটি গাভিকে ইনজেকশন দেওয়ার পরপরই সেটি মারা গেছে। বিদেশি জাতের গাভিটির পেটে নয় মাসের বাচ্চা ছিল।এ ঘটনায় গাভির মালিক ও স্থানীয় লোকজন আইয়ুবকে আটকে রাখেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার তালোড়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে পশুচিকিৎসকের উপস্থিতিতে আইয়ুব স্থানীয় লোকজনের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান। স্থানীয় লোকজন জানান, তালোড়া পৌর এলাকার ব্যবসায়ী প্রফুল্ল প্রামাণিকের গাভিটির জরায়ুতে সমস্যা দেখা দেয়। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশুচিকিৎসককে জানানো হয়। চিকিৎসক নিজে না গিয়ে তাঁর কার্যালয়ের এমএলএসএস আইয়ুবকে পাঠান। তিনি গাভিটিকে লিবোর্ট স্যালাইন ও ক্যালসিয়াম ফোর্ট ৫০০ মিলি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী আইয়ুব গাভিটিকে ইনজেকশন দেন। এর পরপরই গাভিটি মারা যায়। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ‘আমি উপজেলার গুনাহারে স্থানীয় একটি ক্লাবের কৃষিবিষয়ক কর্মশালায় ছিলাম। তাই তালোড়া এলাকায় যেতে পারিনি। আইয়ুব আমার অফিসের ড্রেসারম্যান। তাঁরাও প্রশিক্ষণপ্রাপ্ত। ওই ধরনের রোগের জন্য আমরা বরাবর এসব ওষুধ দিয়ে থাকি।’ সঠিক ওষুধ দিলে গাভিটি মারা গেল কেন—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পশুসম্পদ কর্মকর্তা।