পিয়াইন নদের চোরাবালিতে ডুবে পর্যটকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদের চোরাবালিতে ডুবে শুভ আহমদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় পিয়াইন নদের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। শুভ ঢাকার শনির আখরার খোরশেদ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটিতে শুভ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন। গতকাল বেলা দুইটার দিকে নৌকা নিয়ে তাঁরা পিয়াইন নদের জিরো পয়েন্টে যান। সেখানে নদে গোসল করতে নামেন শুভ। একপর্যায়ে নদের চোরাবালিতে তলিয়ে যান তিনি। ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় পরিবারের সদস্যরা শুভর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়।ওই থানার এএসআই রাশেদুল ইসলাম জানান, শুভর স্বজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে লাশটি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। পর্যটন এলাকা জাফলংয়ের পিয়াইন নদের জিরো পয়েন্টের পানি খুবই স্বচ্ছ। পর্যটকরা এখানে এসে গোসল করতে নামেন। কিন্তু নদে চোরাবালি থাকায় প্রতিবছর পর্যটকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও বিভিন্ন সামাজিক সংগঠন দাবি তোলা সত্ত্বেও প্রশাসন কোনো সতর্কীকরণ সাইনবোর্ড টানায়নি বা পর্যটকদের সতর্ক করতে কোনো ব্যবস্থা নেয়নি। ২০১২ সালে এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।