পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়া নিয়ে পাল্টাপাল্টি অবস্থান

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের জানাজা আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর আগে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে ঘোষণা করেছে ‘নাগরিক সমাজ’।
নাগরিক সমাজের পক্ষে সাংবাদিক মাহফুজ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, শুক্রবার সকাল ১০টায় পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেওয়া। তবে মৃতদেহ নিয়ে আমরা কোনো সংঘাত-সংঘর্ষে যাব না। কেউ যদি মৃত ব্যক্তির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে অগণতান্ত্রিকভাবে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে, সেটা তাদের ব্যাপার।’
এদিকে পিয়াস করিমকে ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যায়িত করে তাঁর মরদেহ শহীদ মিনারে আনার চেষ্টা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগসহ সাতটি ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ। এ লক্ষ্যে শুক্রবার সকাল নয়টা থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাসদ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির ছাত্রসংগঠন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু। এ সময় আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও উপস্থিত ছিলেন।
অন্যদিকে পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়ার অনুমতি চেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেছেন তাঁর স্ত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন। তবে গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, আগে বলা হয়েছিল, বুধবার পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে। কিন্তু এখন আবেদন করা হয়েছে শুক্রবারের জন্য। কিন্তু সেখানে শুক্রবার দিনব্যাপী কর্মসূচি পালনের জন্য আগেই অন্য একটি সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে। তাই পিয়াস করিমের পরিবারকে অনুমতি দেওয়া হবে না।
এ বিষয়ে গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের শীর্ষ পর্যায়ের ইশারাতেই পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিতে বাধা দেওয়া হচ্ছে। বিরোধিতাকারী সংগঠনগুলোকে সরকার নেপথ্যে থেকে পৃষ্ঠপোষকতা করছে।