পীযূষের বিরুদ্ধে আরও দুটি চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির দুই মামলায় গ্রেপ্তার হওয়া সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ কান্তি দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা হয়েছে। গত বুধবার মহানগর আদালতে একটি ও অপরটি রাতে সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত রোববার রাতে ধরা পড়ার পর এ নিয়ে পীযূষের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা হলো।
পুলিশ জানায়, কোতোয়ালি থানায় দায়ের করা মামলার বাদী নগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা একজন ব্যবসায়ী। এ মামলায় অভিযোগ করা হয়, পীযূষ দলবল নিয়ে তাঁর দোকান থেকে নিয়মিত চাঁদা নেন। সম্প্রতি চাঁদা না দেওয়ায় তাঁকে হত্যার হুমকি দিয়েছেন পীযূষ। মহানগর আদালতে দায়ের করা মামলার বাদী নগরের মির্জাজাঙ্গাল স্বপ্নিল আবাসিক এলাকার বাসিন্দা। এ মামলায় চাঁদা দাবির পাশাপাশি বাসা দখলচেষ্টার অভিযোগ করা হয়েছে।
এর আগে গত রোববার রাত সাড়ে ১০টায় নগরের একটি আবাসিক হোটেলে চাঁদা দাবির অভিযোগে পুলিশ তাঁকে আটক করে। পরে পীযূষের বিরুদ্ধে তিনটি আবাসিক হোটেল কর্তৃপক্ষ পৃথক এজাহারে তিনটি চাঁদাবাজির মামলা করে। এ তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে পীযূষের আচরণে মাদকাসক্তির লক্ষণ ধরা পড়ায় গত মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।