পীরগঞ্জ কলেজ হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা কলেজ হাটে গরু ও ছাগলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাট ইজারাদারের পক্ষের লোকজন এ অপতৎপরতা চালাচ্ছেন।
রঘুনাথপুর মহল্লার তোজামেঞ্চল হোসেন বলেন, ‘আমি কলেজ হাট থেকে রোববার সাড়ে চার হাজার টাকা দিয়ে একটি খাসি কিনেছি। ছাগল হাটিতে আমার কাছ থেকে নির্ধারিত হাসিলের চেয়ে বেশি টাকা আদায় করা হয়েছে।’
জগথা গ্রামের রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘রোববার পীরগঞ্জ পৌরসভা কলেজ হাট থেকে একটি গরু কিনেছি। আমার কাছে রসিদমূলে ১৮০ টাকা নিয়েছে ইজারাদারের লোকজন। শুনেছি গরুর হাসিল ১০০ টাকা।’ একই অভিযোগ করেন বেতুরা গ্রামের আবুল হোসেন, ভাকুড়া গ্রামের চৈত ও রঘুনাথপুরের আব্বাস আলী।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন অনুমোদিত হাটবাজারের হাসিল আদায়ের তালিকা অনুযায়ী, একটি গরুর জন্য ১০০ এবং একটি ছাগলের জন্য ৩০ টাকা আদায় করা যাবে। তবে হাসিলের পরিমাণ কোনোক্রমেই গরু ও মহিষের ক্ষেত্রে ১৫০ এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ৫০ টাকার বেশি হবে না। অথচ গত রোববার পীরগঞ্জ পৌরসভা কলেজ হাটে প্রতিটি গরুর জন্য ১৮০ এবং প্রতিটি ছাগলের জন্য ৮০ টাকা করে রসিদমূলে হাসিল আদায় করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার পীরগঞ্জ কলেজ হাটে প্রচুর গরু-ছাগলের আমদানি হয়। বেচাকেনাও হয়েছে প্রচুর। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হাটে রোববার আড়াই থেকে তিন হাজার গরু এবং প্রায় দুই হাজার ছাগল বেচাকেনা হয়েছে। অতিরিক্ত হাসিল আদায় প্রসঙ্গে ওই হাটের ইজারাদার রেজওয়ানুল ইসলাম বলেন, ‘আমি কাগজে-কলমে ইজারাদার। এ বিষয়ে কিছু বলতে পারব না। বাস্তবে হাটের ইজারার সব দায়িত্ব পালন করেন জয়নাল কমিশনারসহ কয়েকজন।’
পীরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার জয়নাল আবেদিন জানান, কোরবানি উপলক্ষে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। এ জন্য একটু বেশি আদায় করা হচ্ছে। তবে অন্য সময় বেশি আদায় করা হয় না।