পীরগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া আহম্মেদের বিরুদ্ধে সরকারিভাবে চাল সংগ্রহে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে স্থানীয় চালকল-মালিক গ্রুপ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
তবে জাকারিয়া আহমেঞ্চদ বলেন, ‘আমি সরকারের স্বার্থ সংরক্ষণ করেই চাল সংগ্রহ করি। এ ব্যাপারে কোনো চালকল-মালিকের অন্যায্য ও অনৈতিক দাবি মেনে নিই না। তাই প্রভাবশালী চালকল-মালিকেরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন।’
অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশি হওয়া সত্ত্বেও চালকল-মালিকেরা সরকারের চাল সংগ্রহ কর্মসূচি সফল করার জন্য সহায়তা করে আসছেন। কিন্তু জাকারিয়া আহমেঞ্চদ চালকল-মালিকদের সঙ্গে খারাপ আচরণ, উৎকোচ আদায়, উৎকোচ না পেলে ভালো চাল খারাপ দেখিয়ে ফিরিয়ে দেওয়াসহ নানাভাবে হয়রানি করে আসছেন।
গত ১০ জুন থেকে চাল সংগ্রহ অভিযানের শুরুতে স্থানীয় শিফা হাস্কিং মিলের মালিক কসিরুল আলমের কাছ থেকে এক লাখ ২০ হাজার, চালকল-মালিক গোলাম রব্বানীর কাছ থেকে ২০ হাজার ও দেলোয়ার হোসেনের কাছ থেকে ৭০ হাজার টাকা উৎকোচ আদায় করেন। এ ছাড়া খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ উপজেলার ২৮২টি চালকল-মালিকের কাছ থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে উৎকোচ আদায় করেন তিনি।
তিনি প্রতি বস্তায় ৫০ কেজির পরিবর্তে ৫০০ থেকে ৭০০ গ্রাম করে বেশি চাল নিচ্ছেন। এসব কারণে চালকল-মালিকেরা গুদামে চাল সরবরাহে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
উপজেলা চালকল-মালিক গ্রুপের সভাপতি ইমদাদুর রহমান বলেন, ‘প্রথম অবস্থায় বাজারে ধানের দাম কম ছিল, তখন গুদামে জায়গা ছিল না। জায়গা সৃষ্টির জন্য তাঁর কোনো চেষ্টাই ছিল না। এখন জায়গা আছে কিন্তু বাজারে ধান নেই, দামও বেশি। এখন গুদামে চাল ঢুকাতে গেলে কেজিপ্রতি তিন থেকে চার টাকা লোকসান গুনতে হচ্ছে। গুদাম কর্মকর্তার অবহেলার কারণেই আমরা আর্থিকভাবে চরম ক্ষতির সমঞ্চুখীন হয়েছি।’
পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামে এবার নয় হাজার ১৩৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ১২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ হাজার ৭১৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সংগ্রহের শেষ দিন।