পীরগঞ্জ গণহত্যা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণহত্যা দিবস আজ ১৭ এপ্রিল সোমবার। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা পীরগঞ্জে প্রথম হানা দেয়। এই দিনই তারা শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিকসহ সাত বাঙালিকে ধরে নিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভাতারমারী আখের খামারে রাস্তার পাশে গুলি করে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী জগথা ও ভাকুড়া গ্রামের খতিবউদ্দীন, ছুটু মোহাম্মদ ও আবদুল মালেক বলেন, ওই দিন সকাল ১০টার দিকে হানাদার বাহিনী পীরগঞ্জে ঢুকেই এলোপাতাড়ি ব্রাশফায়ার করতে শুরু করে। সেই সঙ্গে পীরগঞ্জ রেলস্টেশন, ডাকবাংলো, আওয়ামী লীগ কার্যালয়, দোকানপাট ও তেলের গুদামসহ বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। দুপুর পর্যন্ত তাণ্ডব চালিয়ে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুজাউদ্দীন আহাম্মদ, অধ্যাপক গোলাম মোস্তফা, হোটেল ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন, ব্যবসায়ী আবদুল জব্বার, কৃষক আতিউর রহমান এবং কাঠমিস্ত্রি সুনীল কুমার শীল ও বীরেন্দ্রনাথ শীলের হাত-পা বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায় হানাদারেরা।
ওই নির্মম ঘটনার সাক্ষী মুক্তিযুদ্ধে এ অঞ্চলের প্রধান সমন্বয়ক ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. শহীদুল্লাহ বলেন, ওই দিন পাকিস্তানি বাহিনীর সদস্যরা ফিরে যাওয়ার সময় তিনি সাইকেল নিয়ে তাদের গাড়িবহরের পিছু নিয়ে মাগরিবের পর পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভাতারমারী আখের খামারে পৌঁছান। কুকুরের ঘেউ ঘেউ শব্দের সূত্র ধরে রাস্তার পাশের একটি আমগাছের নিচে তুলে নিয়ে যাওয়া মানুষগুলোর চোখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর কাছ থেকে খবর পেয়ে নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন এসে লাশগুলো নিয়ে যান।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন গতকাল রোববার বলেন, ‘এ দিবসটি স্মরণীয় করে রাখতে পীরগঞ্জ প্রেসক্লাব ২০১৫ সালে প্রথম ১৭ এপ্রিল গণহত্যা দিবস পালন করে। প্রেসক্লাবের কর্মসূচির সঙ্গে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। গত বছর আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড দিনটি পালন করে। আমরা এসব কর্মসূচির সঙ্গে ছিলাম।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান গতকাল বলেন, ‘আজ মুজিবনগর দিবস। কিন্তু পীরগঞ্জের মানুষের কাছে ১৭ এপ্রিল গণহত্যা দিবস। কোনো সংগঠন দিবসটি উপলক্ষে কোনো কর্মসূচি পালন করতে চাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে করতে পারে। আমি তাদের সহায়তা করব।’