পীরগঞ্জ পৌরসভার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসক নিয়োগ এবং পরিচালনা কমিটি গঠনের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জ পৌরসভার যাত্রা শুরু হলো। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভার কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসকসহ ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন নুরুল ইসলাম, কামরুল হাসান, নুরুল আমীন, আবু জালাল, তাজিমুল ইসলাম, খলিলুর রহমান, আবদুস সোবহান, আনিছার রহমান মণ্ডল, আনোয়ারুল ইসলাম, রোজী বেগম, সাবিনা ইয়াসমিন ও রোজিনা বেগম।
ইউএনও এস এম মাজহারুল ইসলাম বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি পৌরসভার কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে পীরগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। পৌরসভা গঠন ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ সদর ইউনিয়ন এবং রায়পুর ও রামনাথপুর ইউনিয়নের কিছু এলাকা নিয়ে এই পৌরসভা গঠন করা হয়। নয়টি ওয়ার্ডে বিভক্ত নতুন এ পৌরসভার ভোটার প্রায় ২৫ হাজার।