পীরগঞ্জ শহরে চলার অনুপযোগী সব রাস্তা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়কেরই কার্পেটিং উঠে খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।
পীরগঞ্জ পৌর শহরের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ হচ্ছে লাচ্ছি সেতু থেকে দমকল স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা। খানাখন্দে ভরে গেছে এ সড়ক। ২৪ ঘণ্টাই যানবাহন ও মানুষের চলাচলে সরব থাকলেও রাস্তাটি মেরামতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
জাবরহাট কলেজের শিক্ষক তৈয়ব আলী, মহিলা কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, ব্যবসায়ী ইমরান আলী ও দবিরুল ইসলাম বলেন, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা থেকে শত শত বাস, ট্রাক, কোচসহ বিভিন্ন যানবাহন প্রতিদিন শহরের এ প্রধান সড়কের ওপর দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে। এতে সড়কের ওপর যেমন সব সময় চাপ থাকে, তেমনি ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে মানুষের দুর্ভোগের শেষ নেই।
প্রধান এই সড়ক ছাড়াও শহরের প্রায় সব রাস্তাই কমবেশি একই রকম। সরেজমিনে দেখা গেছে, মিত্রবাটি নেতার মোড় থেকে জোড়াকবর, রেলস্টেশন থেকে জগথা এমপি পাড়া, জগথা পরখোয়া বস্তি, ইএসডিও-পালিগা রাস্তা, জগথা রেলগেট থেকে সর্দারপাড়া, পানুয়াপাড়া রাস্তা, ঈদগাহ বস্তি থেকে পশ্চিম রঘুনাথপুর, রাইস মিল থেকে জগথা ফকিরপাড়া রাস্তার অবস্থা খুবই খারাপ। এ ছাড়া পালিগা বশিরের দুয়ার থেকে বাজারুর মোড়, গুয়াগাঁও কলেজ মোড় থেকে ভেমটিয়া স্কুল, ছিট ভেলাতৈড় কষাইপট্টি রাস্তা সাত-আট বছর ও বীরহলী এমসিএ পাড়া রাস্তা তিন-চার বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সড়কগুলোর বিটুমিন, খোয়া ও ইট উঠে খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় রাস্তাগুলোর এই অবস্থা বলে আশপাশের বাসিন্দারা মত প্রকাশ করেন।
পীরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সাহজাহান বলেন, ‘পৌর শহরে ৩৩ কিলোমিটার পাকা ও সাত কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।’
পৌরসভার প্যানেল মেয়র আবদুল খালেক দাবি করেন, ‘সবগুলো রাস্তার উন্নয়নকাজ একসঙ্গে তো করা সম্ভব না। আইইউআইডিপি প্রকল্প থেকে প্রায় সোয়া কোটি টাকার রাস্তার উন্নয়নকাজ শিগগিরই শুরু করা হবে। এ ছাড়া জাইকা প্রকল্পের অধীনে চলা পাঁচটি বড় রাস্তার উন্নয়নকাজ ছয় মাসের মধ্যে শেষ হবে আশা করি। এ কাজগুলো বাস্তবায়িত হলে পৌর নাগরিকদের দুর্ভোগ অনেকটা কমবে।’