ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে স্বামী ও স্ত্রী মারা গেছেন। বুধবার চট্টগ্রামের আনোয়ারায় একটি খামারের আড়াই হাজার মুরগি আগুনে পুড়ে মারা গেছে। বুধ ও বৃহস্পতিবার পীরগঞ্জ, আনোয়ারা ও কুড়িগ্রামের উলিপুরে আগুনে ৩৬টি ঘর পুড়ে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলার পূর্ব সিন্দাগড় গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আগুনে ২৫টি ঘর পুড়ে যায়। এ সময় নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে পূর্ব সিন্দাগড় গ্রামের হেমন্ত কুমার (৭১) মারা যান। হেমন্ত কুমারের স্ত্রী শর্মিলা রায়কে (৫৮) পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি সেখানে গতকাল শুক্রবার মারা যান। আনোয়ারা (চট্টগ্রাম): সদরের কলেজ হোস্টেলের পাশের মোহাম্মদ ফরহাদের মুরগির খামারে বুধবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের আড়াই হাজার মুরগি মারা যায়। একই সঙ্গে এ সময় ওই খামারের ৫০টি খাদ্যের বস্তা ও ওষুধ আগুনে পুড়ে যায়। আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সজল কান্তি মিত্রের ঘরে বৃহস্পতিবার আগুনে আসবাব ও মালামাল পুড়ে গেছে। কুড়িগ্রাম: উলিপুর উপজেলা পরিষদসংলগ্ন পাঠানপাড়ায় আগুন লেগে ১০টি ঘরসহ দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রেজাদুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।