পীরগঞ্জে অবহেলায় পড়ে আছে মাল্টিমিডিয়া সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সামগ্রী সরবরাহ করা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান কার্যক্রম এখনো চালু হয়নি। ফলে অযত্ন-অবহেলায় পড়ে আছে সরবরাহ করা মাল্টিমিডিয়া সামগ্রী।
উপজেলার প্রায় ৩০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় মাদ্রাসাসহ ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধিত (ইন্ডেক্সধারী) কম্পিউটার শিক্ষক বা সহকারী শিক্ষককে আইসিটি প্রকল্পের আওতায় রংপুর শিক্ষক প্রশিক্ষণ (টিটি) কলেজে প্রশিক্ষণ দিয়ে ওই সব উপকরণ সরবরাহ করা হয়। এসব মাল্টিমিডিয়া সামগ্রী ব্যবহার না করায় সেগুলো অবহেলা-অযত্নে শিক্ষাপ্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের প্রধানের বাড়িতে পড়ে আছে।
রংপুর টিটি কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল হক জানান, ২০১১ সালের ২৪ ডিসেম্বর থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। গত বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত আইসিটি প্রকল্পের আওতায় এক হাজার ৯৪০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া রংপুর বিভাগের তিন হাজার ১০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের সব উপকরণ দেওয়া হয়। ওই সময়ে ঠাকুরগাঁওয়ের ৩৪০ জন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের মধ্যে পীরগঞ্জ উপজেলার ৫০টি প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক রয়েছেন।
ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ জানান, নিয়ম অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের উদ্যোগে ওই প্রতিষ্ঠানের অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে মাল্টিমিডিয়ার সাহায্যে পাঠদানের উপযুক্ত করে তুলবেন। প্রশিক্ষণের সময়েও তাঁদের এ বিষয়টি বলে দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়ায় পাঠদানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে একটি কক্ষ প্রস্তুত থাকবে। যখন যাঁর ক্লাস, তখন তিনি তাঁর শ্রেণির শিক্ষার্থীদের ওই কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাঠদান করবেন। এ বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
রংপুরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে ধাপে ধাপে সব শিক্ষককে প্রশিক্ষণ দেবেন—এমন শর্ত থাকলেও পীরগঞ্জের কোনো প্রতিষ্ঠানেই তা পালন করা হয়নি।
পিএস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন চন্দ্র রায় বলেন, ‘আমাদের কম্পিউটার শিক্ষক বাসন্তী রানী রংপুরে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ল্যাপটপসহ মাল্টিমিডিয়ার উপকরণগুলো তাঁর কম্পিউটার কক্ষে রেখেছেন। এক দিনও ক্লাস করেননি। অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া তো দূরের কথা, গত এক বছরে আমার সঙ্গে একবার পরামর্শও করেননি। মাঝখানে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।’
কৃষ্টপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘আমার স্কুলে এখনো মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। আমাদের কম্পিউটার শিক্ষক এক বছর আগে প্রশিক্ষণ নেন। মাল্টিমিডিয়ার উপকরণ নিয়ে আসেন। কিন্তু এখনো ক্লাস হয়নি। শিক্ষকদেরও প্রশিক্ষণ দেননি তিনি।’ প্রায় একই ধরনের মন্তব্য করেন জাবরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক, সেনুয়া
বালিকা বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবীর, চন্দরিয়ার শিক্ষক মোজাহারুল ইসলামসহ ১৫-১৬ জন শিক্ষক।
খোঁজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, লোহাগাড়া বালিকা বিদ্যালয়, ভোমরাদহ উচ্চবিদ্যালয়সহ আট-নয়টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পরীক্ষামূলক পাঠদান চালু করা হয়। কিন্তু জাবরহাট, চন্দরিয়া, নাকাটি, বৈরচুনা, কৃষ্টপুর, পিএস, রঘুনাথপুরসহ উপজেলার ৯৫ শতাংশ বিদ্যালয়েই এ কার্যক্রম শুরু করা হয়নি।