রংপুরের পীরগঞ্জ উপজেলায় শিশু তানজিলা খাতুনকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রের ফাঁসির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। সদরের গুলশান মোড়ে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে পীরগঞ্জের দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাতারা খাতুন বলে, ‘ও আমাদের ছোট বোন তানজিলাকে হত্যা করেছে। ওর বিচার না হলে আমরা শান্তি পাব না। আমরা ওর ফাঁসি চাই।’
শিশু জান্নাতারার মতোই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকাবাসীসহ তিন শতাধিক মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন সর্দার, নিহত তানজিলার বাবা শাহাজান আলী, মা সুফিয়া বেগম প্রমুখ। এ সময় সুফিয়া বেগম তাঁর নিহত শিশুসন্তান তানজিলার স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর প্রধানপাড়া গ্রামের তানজিলা স্থানীয় দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। ১৪ জুন বিকেলে এক কলেজছাত্র (১৮) আম দেওয়ার প্রলোভন দেখিয়ে তানজিলাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরে সে তার লাশ তাঁদের (কলেজছাত্র) বাড়ির গৃহপরিচারিকার সহায়তায় খাটের নিচে মেঝেতে পুঁতে রাখেন। ঘটনার তিন দিন পর ১৭ জুন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী ও ওই ছাত্রের চাচাতো ভাই অভিযুক্ত ছাত্রকে পীরগঞ্জ থানায় সোপর্দ করেন। পরে পুলিশ তাঁর স্বীকারোক্তি মোতাবেক ওই দিন তানজিলার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় তানজিলার বাবা শাহাজান বাদী হয়ে ওই ছাত্র ও তাঁর বাড়ির গৃহপরিচারিকার বিরুদ্ধে থানায় মামলা করেন। তবে এখনো ওই গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ওই ঘটনার প্রধান আসামি ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি গৃহপরিচারিকাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।