পীরগঞ্জে আমন খেতে রোগের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গত তিন সপ্তাহ থেকে আমন খেতে খোলপোড়া, খোলপচা, পাতামোড়ানো ও পাতাপোড়া রোগের প্রকোপ দেখা দিয়েছে।
গত শনি ও রোববার সরেজমিনে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজিপুর, সেনগাঁও, দৌলতপুর, জাবরহাট, খনগাঁও ইউনিয়নের সিঙ্গারোল খাকড়া বিল, বড় বিল, জিয়ালবিল, মল্লিকপুর বিল, একান্নপুর, সেনগাঁও বিল, সেতরাপাড়া, মাটিয়ানী বিল, দানাজপুর বিল, ঘিডোব কান্দর, চাপোড় কান্দরসহ বিভিন্ন এলাকায় আমন খেতে খোলপোড়া, খোলপচা, পাতামোড়ানো ও পাতাপোড়া রোগের আক্রমণ দেখা দিয়েছে।
নানুহর গ্রামের সোহাতু রাম বলেন, ‘আমার ১০ কাঠা জমির গুটি স্বর্ণা জাতের ধানগাছের বেশির ভাগ পাতা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। দুই সপ্তাহ থেকে এ রোগ দেখা দিয়েছে।’ একই সমস্যার কথা জানান বনুয়াপাড়া গ্রামের দানেশ আলী, কাস্তোর গ্রামের জগদীশ চন্দ্র, মল্লিকপুর গ্রামের সাহাবত আলী, দানাজপুর গ্রামের ক্ষুদিরামসহ বিভিন্ন গ্রামের বেশ কয়েকজন কৃষক। ভারতীয় গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা ও রণজিৎ জাতের আমন ধানের খেতেই এ রোগ বেশি দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন চাষ মৌসুমে উপজেলায় ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অনুকূল আবহাওয়ার কারণে এবার চাষ হয়েছে ২৪ হাজার ৫৫০ হেক্টরে। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রশিদুল আলম জানান, কপার ও পটাশের ঘাটতির কারণে এসব রোগ দেখা দিতে পারে। এ জন্য আক্রান্ত আমন খেতে কপার অক্সি-ক্লোরাইড, অক্সিভিট, ডলফিন, চ্যাম্পিয়ন প্রভৃতি কপার কম্পাউন্ড-জাতীয় বালাইনাশক ওষুধ এবং প্রয়োজনে পটাশ সার প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ দাবি করেন, ‘ধানগাছের সর্বোচ্চ কুশি থেকে কাইচথোড় অবস্থায় (পিআই স্টেজে) বিএলবি (পাতা ঝলসানো) রোগসহ বিভিন্ন রোগের আক্রমণ দেখা দিতে পারে। আমরা মাঠপর্যায়ে বিক্ষিপ্তভাবে এ রোগের আক্রমণের খবর পাচ্ছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’