ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আমনখেতে মাজরা, বাদামি গাছ ফড়িং ও পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। চাষি সূত্রে জানা গেছে, উপজেলার ঘিডোব কান্দর, চাপোড়, মালঞ্চা, মসলন্দপুর কান্দর, সিঙ্গারোল বিল, খাকড়া বিল, বড় বিল, জিয়াল বিল, মল্লিকপুর বিল, ভাকুড়া বিল, জগথা বিল, একান্নপুর, সেনগাঁও বিল, সেতরাপাড়া, মাটিয়ানী বিল, দানাজপুর বিল, ঘিডোব কান্দর, চাপোড় কান্দরসহ বিভিন্ন এলাকায় আমনখেতে মাজরা, পাতা মোড়ানো ও বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ দেখা দিয়েছে। ঘিডোব গ্রামের সুসেন চন্দ্র বলেন, ‘মোর এক বিঘা জমির গুটি স্বর্ণা ধানোত গাছ ফড়িং পোকা ধইচে, ২ বার বিষ দেহেনেও কাম হয়নি।’ মালঞ্চা গ্রামের গোলাম মোস্তফা, সমিরুল ইসলাম, দক্ষিণ চাপোড়ের জগদীশ চন্দ্র, উত্তর চাপোড়ের ইউসুফ আলী, থুমনিয়ার রফিকুল ইসলাম জানান, তাঁরা কেউ খেতে তিনবার, কেউ দুবার কীটনাশক দিয়েছেন। কিন্তু সম্পূর্ণভাবে পোকার আক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে না।কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অপেক্ষাকৃত উঁচু এলাকায় স্বর্ণা জাতের আমনখেতেই পোকার আক্রমণ বেশি।উপজেলা কৃষি কর্মকর্তা সহিরউদ্দীন বলেন, ‘আমরা আমনখেতে পোকার আক্রমণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য গত বুধবার থেকে মাইকিং শুরু করেছি। উপসহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিচ্ছেন।’