পীরগঞ্জে একটি সেতুর অভাবে ভোগান্তিতে ১৭ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদের চিরকুঘাটে একটি সেতুর অভাবে উপজেলার সৈয়দপুর ও কোষারানীগঞ্জ ইউনিয়নের ১৭টি গ্রামের ৩০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। বর্ষাকালে এসব গ্রামের মানুষ নয় কিলোমিটার ঘুরে উপজেলা ও জেলা শহরে যাতায়াত করে।
চিরকুঘাট এলাকার বাসিন্দারা জানান, নদের চিরকুঘাট এলাকার পশ্চিমপারে উপজেলা শহর, কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর, ভামদা, নাকাটি, আকাশিল, গরুরা, বৈরামপুরসহ (আংশিক) আটটি গ্রাম এবং পূর্বপারে কোষাডাঙ্গীপাড়া, দানারহাট, সৈয়দপুর ইউনিয়নের দেবীতলী, শালগড়া, বৈরামপুরের আংশিক, কোঠাপাড়া, ইনুয়া, শিমুলটিয়া ও হরিটা গ্রাম। পশ্চিমপারে ঘুঘুয়া কলেজ, লোহাগাড়া কলেজ, নাকাটি উচ্চবিদ্যালয়, ভামদা দাখিল মাদ্রাসা, রামদেবপুর উচ্চবিদ্যালয়সহ আটটি শিক্ষাপ্রতিষ্ঠান, নাকাটি বাজার ও উপজেলা শহর। তাই পূর্বপারের শিক্ষার্থী ও কৃষকদের চিরকুঘাট এলাকায় এসে নৌকা দিয়ে নদী পার হয়ে পশ্চিমপারে আসতে হয়। আবার পূর্বপারে জেলা শহর থাকায় পশ্চিমপারের লোকজনকে নানা প্রয়োজনে এপারে আসতে হয়।
জানা গেছে, প্রতিদিন পূর্বপারের প্রায় ৭০০ মানুষ পশ্চিম পারে আসে এবং পশ্চিমপারের ৬০০ থেকে ৭০০ মানুষ পূর্বপারে এসে সদর উপজেলার দানারহাট হয়ে জেলা শহরে যাতায়াত করে।
কোষাডাঙ্গীপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী তোবারক আলী বলেন, নাকাটিবাজারে যেতে আট কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। তাই তিনি দোকানের মালামাল নিয়ে চিরকুঘাটে এসে নৌকায় নদী পার হন। এতে তাঁর খুব কষ্ট হয়।
চিরকুঘাটের নৌকার মাঝি ও ঘাটের ইজারাদার ইউনুস আলী বলেন, ‘দিনে-রাতে কয়েক শ মানুষ আমার নৌকায় পার হয়। ১৬ হাজার টাকায় ঘাটের ইজারা নিয়েছি। লোক পার করতে তিন টাকা আর বাইসাইকেল নিলে পাঁচ টাকা ভাড়া নিই।’
কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গৌতম চন্দ্র রায় জানান, এলজিইডির লোকজন তিন মাস আগে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চিরকুঘাট এলাকায় জরিপ চালিয়েছেন।
উপজেলা প্রকৌশলী তাজমিল খান বলেন, ‘চিরকুঘাটে ১০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’