পীরগঞ্জে একাদশী তিথিতে প্রতিমা বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মসলন্দপুরঘাটে বিজয়া দশমীর পর একাদশী তিথিতে গতকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। পীরগঞ্জ, বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপের প্রতিমাগুলো এখানে এনে একসঙ্গে বিসর্জন দেওয়া হয় একাদশী তিথিতে।স্থানীয় ব্যক্তিরা জানান, পীরগঞ্জ ‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ’ ১৯৯৭ সাল থেকে বিজয়া দশমীর পরের দিনে মসলন্দপুর বিসর্জনঘাটে বিসর্জন-উৎসব পালনের প্রথা শুরু করে। এর পর থেকে দিন দিন এ উৎসবের প্রসার ঘটছে এবং দুর্গাপূজা শেষে ওই সব এলাকার প্রতিমা এনে মসলন্দপুর টাঙ্গন নদে বিসর্জন দেওয়া হচ্ছে। ওই দিন মসলন্দপুর বিসর্জনঘাটটি মিলন-উৎসবে পরিণত হয়।বৃহস্পতিবার ঘাটে গিয়ে দেখা গেল, বাদ্যযন্ত্রের তালে তালে নানা সাজে সজ্জিত হয়ে নেচে-গেয়ে ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন বাহনযোগে পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসার দৃশ্য। দেড় কিলোমিটার এলাকাজুড়ে হিন্দু সম্প্রদায়ের আনুমানিক ২০ থেকে ২২ হাজার মানুষ জড়ো হয়েছে ঘাটে। আনা হয়েছে দুই শতাধিক প্রতিমা। দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পরই টাঙ্গন নদের ঘোলা জলে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়।