পীরগঞ্জে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একজন কলেজছাত্র খুন হয়েছেন। গতকাল রোববার সকালে খেজমতপুর এলাকায় মহাসড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ছাত্রের নাম শাকিল আহমেদ (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। বাড়ি উপজেলার মদনখালি ইউনিয়নের খয়েরবাড়ি এলাকায়। তাঁর বাবা টুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মাহফুজুর রহমান। পরিবারে চার ভাইবোনের মধ্যে শাকিল সবার ছোট।
পীরগঞ্জ থানা সূত্র জানায়, গতকাল সকাল সাতটার দিকে খেজমতপুর এলাকার মহাসড়কের পাশ থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে রাখে।
নিহত শাকিলের পারিবারির সূত্র জানায়, বাড়িতে ঈদ করে গত শনিবার বেলা তিনটায় বগুড়ায় নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বিদায় নেন শাকিল। তিনি আবাসিক মেসে থেকে পড়াশোনা করতেন। যাওয়ার সময় বড় ব্যাগে চালসহ অন্যান্য খাবার নিয়ে যান। মুঠোফোনসহ তাঁর মালামাল পাওয়া যায়নি।
নিহতের বাবা মাহফুজুর রহমান বকুল বলেন, ‘আমার ছেলের সারা শরীরোত ছুরি দিয়া আঘাতের দাগ। আমার ছেলে কী অপরাধ করলো যে আজ তাকে লাশ হতে হলো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম গতকাল রাতে জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।