পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণে সহায়তা দেবে ব্র্যাক
রংপুরের পীরগঞ্জ উপজেলায় হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণে সহায়তা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সেই সঙ্গে যাদের গবাদিপশু চুরি হয়েছে, তাদের সেগুলো কিনেও দেবে প্রতিষ্ঠানটি। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
গত রোববার রাতে পীরগঞ্জের মাঝিপাড়া গ্রামের বড় করিমপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা অনেকগুলো বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। অনেকের গবাদিপশু চুরি করে তারা।
আসিফ সালেহ আজ প্রথম আলোকে বলেন, ‘গতকাল সোমবার ব্র্যাকের একটি দল পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত গ্রামে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য। এর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি।’
আসিফ সালেহ বলেন, ক্ষতিগ্রস্ত যে ২৫টি পরিবারের তালিকা করা হয়েছে, তারা ব্র্যাকের পক্ষ থেকে সহায়তা পাবে তাদের বাড়ি পুনর্নির্মাণে। সেই সঙ্গে যাদের গবাদিপশু চুরি হয়েছে, তাদের তা কিনে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে এই ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেন, সে জন্য তাঁদের মানসিক সেবার ব্যবস্থা করা হবে।
আসিফ সালেহ বলেন, ‘যা ক্ষতি হয়েছে তার তুলনায় এ কিছুই না। তবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারগুলো জানুক তাদের এই বিপদের সময় তাদের দেশ, তার প্রতিষ্ঠান ও নাগরিকেরা আছে তাদের পাশে। দাবি জানাচ্ছি সরকার দ্রুততার সঙ্গে যেন দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করে।’
ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তার জন্য ব্র্যাক পরিচালিত তরুণদের একটি নেটওয়ার্কের সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন বলে জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক। তিনি জানান, এ কাজে স্থানীয় তরুণদেরও সম্পৃক্ত করা হবে। সবকিছু স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই করা হচ্ছে।