পীরগঞ্জে খুরারোগে ৩৬টি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের আটটি গ্রামে গত এক মাসে খুরারোগে ৩৬টি গরু মারা গেছে এবং আরও পাঁচ শতাধিক আক্রান্ত হয়েছে।এর মধ্যে পীরগঞ্জ সদর ইউনিয়নের ভাকুড়া, বীরহলী ও ভেমটিয়া গ্রামে অর্ধশতাধিক গরু এ রোগে আক্রান্ত হয় এবং এর মধ্যে ছয়টি মারা যায়। আর কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশিল, ঘুঘুয়া, বাজারদেহা, শীতলপুর ও দক্ষিণ ভামদা গ্রামে অন্তত ৩০টি গরু মারা গেছে।গত রোববার কোষারানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ভামদা গ্রামে গিয়ে দেখা গেছে, রোগাক্রান্ত অনেক গরুর খুরার ঘায়ে পোকা হয়েছে। কেউ কেউ গরম পানিতে সেভলন মিশিয়ে ঘা ধুয়ে দিচ্ছেন। মুখে ঘা হওয়া গরুগুলোর মুখ থেকে অবিরাম লালা ঝরছে। কিছু খেতে না পেরে কঙ্কালসার হয়ে গেছে রোগাক্রান্ত এসব গরু। ওই গ্রামের এনামুল হক বলেন, ‘মুখে ঘায়ের কারণে আট-দশ দিন ধরে তাঁর গরুগুলো কিছু খায়নি, সব সময় গরুর শরীর গরম থাকে, খুবই জ্বর।’ একই অবস্থা ইউনিয়নের আকাশিল, ঘুঘুয়া, বাজারদেহাসহ আশপাশের গ্রামগুলোর।জানা গেছে, জুলাই মাসের মাঝামাঝি থেকে সদর ইউনিয়নে এবং আগস্টে কোষারানীগঞ্জ ইউনিয়নে এ রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে। আকাশিল গ্রামবাসী সূত্রে জানা যায়, আগস্টের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত এ গ্রামে ১২১টি গরু আক্রান্ত হয়। এর মধ্যে ১৫টি মারা যায়। রমজান মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত শীতলপুর গ্রামে খুরারোগে আক্রান্ত হয় দেড় শতাধিক গরু। এর মধ্যে ১১টি মারা যায়। সাবেক ইউপি সদস্য শামসুল হক জানান, আগস্টের মাঝামাঝি সময়ে ঘুঘুয়া, কাপরাঙ্গাতলী ও উত্তর ঘুঘুয়া গ্রামে খুরারোগে অন্তত ৭৬টি গরু আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় চারটি। বাজারদেহা গ্রামে ১৩৪টি গরু খুরারোগে আক্রান্ত হয়, এর মধ্যে মারা গেছে তিনটি। দক্ষিণ ভামদা গ্রামে দেড় শতাধিক গরু-ছাগল এ রোগে আক্রান্ত হয়, এর মধ্যে মারা গেছে তিনটি।কোষারানীগঞ্জ ইউনিয়ন সদরের নাকাটি বাজারের গবাদিপশুর চিকি ৎ সক (পল্লি চিকি ৎ সক) মো. আবদুল হামিদ বলেন, ‘রমজানের আগে থেকেই আকাশিল, বাজারদেহা, ঘুঘুয়া ও ভামদা গ্রামে খুরারোগের খবর পাচ্ছি। প্রতিদিন গড়ে ৩০-৩৫ জন আমার কাছে খুরারোগের ওষুধ নিয়ে যাচ্ছে। আমি গ্রামে গিয়েও চিকি ৎ সা দিচ্ছি। গ্রামের মানুষ খুবই গরিব। তাই সরকারিভাবে তাদের গরুর চিকি ৎ সার ব্যবস্থা করা দরকার।’ পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, আগস্ট মাসে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে খুরারোগের ভ্যাকসিন (এফএমডি) সরবরাহ পাওয়া গেছে মাত্র ৩২ মাত্রা (ডোজ), যা ৩২টি পশুর দেহে প্রয়োগ করা সম্ভব।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘সীমান্ত এলাকায় পশুর রোগ পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। সীমান্তের ওপার থেকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চোরাইপথে গরু আসছে। এ কারণে সারা বছর এখানে বিক্ষিপ্তভাবে গরুর খুরারোগ লেগেই আছে।’