১৯৭১ সালের ২০ অক্টোবর সকাল আটটা কি নয়টা। পীরগঞ্জের রাইস মিলের গুদামঘরে ২৩ জন বাঙালিকে এক সারিতে দাঁড় করিয়ে রাইফেল তাক করেছে তিন পাকিস্তানি সেনা। ট্রিগারে আঙুল নড়তেই লাইনের সামনে থাকা দরিমান আলী মাটিতে লুটিয়ে পড়েন। ১৭-১৮টি গুলি করা হয়। গুলিবিদ্ধদের ছটফটানি, গোঙানি ও ফিনকি দিয়ে রক্ত বের হওয়ার দৃশ্য আঁচ করতে পেরে জ্ঞান হারান দরিমান।
যখন জ্ঞান ফিরল, দরিমান আলী বুঝতে পারেন, তিনি বেঁচে আছেন। খালে লাশের স্তূপের মধ্যে চাপা পড়েছেন। নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর দেখেন, তাঁর গায়ে কাপড় নেই। ডান হাতের কবজিতে গুলি লাগা জায়গা থেকে রক্ত ঝরছে, প্রচণ্ড ব্যথা। কেউ কোথাও নেই দেখে খালের পাশের আখখেতের ভেতর দিয়ে খালপাড়া গ্রামে পৌঁছান তিনি।
মৃত্যুশিবিরের হত্যাযজ্ঞ আর নিজের বেঁচে যাওয়ার ঘটনা প্রথম আলোর কাছে বর্ণনা করছিলেন পীরগঞ্জের ভাকুড়া গ্রামের দরিমান আলী (৭৬)। সম্প্রতি ওই গ্রামে গেলে এ প্রতিবেদকের সঙ্গে তাঁর কথা হয়।
দরিমান আলী বলেন, ১৯৭১ সালের ১৯ অক্টোবর বিকেলে সীমান্ত এলাকা থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পাকিস্তানি বাহিনীর দুটি গাড়ি তাঁকে তুলে নেয়। ফকিরগঞ্জ রাস্তার ওপর গাড়িগুলো রেখে ওরা গ্রামে ঢোকে। তারপর ২৫-২৬ জন বৃদ্ধ, যুবক ও কিশোরকে ধরে এনে নিক্ষেপ করা হয় গাড়িতে। পীরগঞ্জ থানাহাজতে রাতটা রেখে পরদিন শনিবার সকালে পীরগঞ্জের রাইস মিলের গুদাম ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানেই তাঁদেরকে গুলি করা হয়।
দরিমান আলী বলেন, রাইস মিলের যে গুদামে তাঁদেরকে ঢোকানো হয়, সেই গুদামের মেঝেতে জেলির মতো রক্ত জমাট বেঁধে ছিল। ঘরের চারদিকে স্যান্ডেল, হাতঘড়ি, জামা, পাঞ্জাবি, চাবির ছড়া, হাতের চুড়িসহ বিভিন্ন বস্তু। উৎকট দুর্গন্ধ ঘরের ভেতরে।
মুক্তিযুদ্ধের শুরুর দিকের আরেকটি গণহত্যার বিবরণ দিলেন সৈয়দপুর ডিগ্রি কলেজের শিক্ষক আসাদুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি সৈন্যরা পীরগঞ্জে প্রথম হানা দিয়ে আমার বাবা অধ্যাপক গোলাম মোস্তফাসহ রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিকসহ সাত বাঙালিকে ধরে নিয়ে ভাতারমারী আখের খামারে হত্যা করে লাশ ফেলে চলে যায়।’
পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক বদরুল হুদা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৭ এপ্রিল যে সাতজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের মধ্যে তাঁর বাবা ডা. সুজাউদ্দীন আহম্মদও ছিলেন। পরদিন সকালে তাঁরা বাবার লাশ পান।
ওই দিন আরও যাঁদেরকে হত্যা করা হয়েছিল তাঁরা হলেন মফিজউদ্দীন আহাম্মদ, আবদুল জব্বার, মোজাফ্ফর হোসেন, মো. আতিউর রহমান ও সুনীল কুমার শীল।
মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সমন্বয়ক ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ১৭ এপ্রিলের পর দুবার পাকিস্তানি বাহিনীর সাঁজোয়া গাড়িবহর পীরগঞ্জ ও রানীশংকৈলে মহড়া দেয়। ২৭ এপ্রিল তারা পীরগঞ্জ কলেজের পাকা ভবনে ক্যাম্প বা আঞ্চলিক দপ্তর এবং জুনের প্রথম সপ্তাহে গোদাগাড়ী বাজার এবং শিয়ালগাজী গোরস্তানের পাশে উপদপ্তর স্থাপন করে।
কলেজের পাশের রাইস মিলের গুদামঘরটিই ছিল তাদের নির্যাতন কেন্দ্র। বাঙালিদের ধরে এনে সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হতো। ওই দিন বা পরের দিন কলেজের উত্তর ও পূর্বে লাছি নদীর পাড়ে তাদেরকে হত্যা করত। মুক্তিযুদ্ধের শেষ দিকের দেড় মাস রাইস মিলের গুদামেও হত্যাকাণ্ড চলে। পরে লাশগুলো ফেলা হতো লাছি নদীর খালে। কলেজের উত্তর প্রান্ত থেকে ডাকবাংলো মাঠের পূর্বে লাছি নদীর খাল পর্যন্ত একাধিক জায়গায় মানুষ হত্যা করত তারা।
শহীদুল্লাহ বলেন, ‘প্রতি রাতে ১০টার পর ডাকবাংলো মাঠের পূর্ব দিকে ১০-২০টা এবং কলেজ ক্যাম্পের পূর্ব দিক থেকে ২৫-৩০টা গুলির শব্দ পাওয়া যেত। মানুষ মেরে নদীর খালে ফেলত পাকিস্তানি সেনারা। আমি প্রায়ই ভোরে লাশ দেখতে যেতাম ডাকবাংলো মাঠের পাশের বধ্যভূমিতে। শিয়াল আর কুকুর লাশ নিয়ে টানাটানি করছে—এই লোমহর্ষক দৃশ্য আমাকে অনেক দিন পর্যন্ত রাতে ঘুমোতে দেয়নি।’
যুদ্ধের সময় খালপাড়া গ্রামের কিশোর বয়সী খতিবউদ্দীন, খালেক, ইব্রাহিম, মালেকসহ কয়েকজনকে কলেজ ক্যাম্পে ধরে এনে কাজ করাত পাকিস্তানি সেনারা। খতিবউদ্দীন সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আমি তাদের লোক মারা দেখেছি। সকালে ও রাতে লোক মারত। কলেজের পাশে লাছি নদীর খালগুলোতে বহু লোককে মেরেছে। লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করত। লাশগুলো খালে উল্টে পড়ত। দু-একটি লাশ ডাঙ্গায় পড়লে বুট দিয়ে লাথি মেরে খালে ফেলে দিত। তারপর আমাদের দিয়ে ওদের রক্তমাখা জুতা ধুইয়ে নিত।’
৪৬ বছর পর চলতি মার্চ মাসে পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে একটি স্মৃতিসৌধের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এর আগে খামার সেনুয়া বধ্যভূমিকে ইটের গাঁথুনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পীরগঞ্জের অবশিষ্ট বধ্যভূমিগুলো এখনো অবহেলিত।