পীরগঞ্জে গ্রাহকের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ শাখার সাবেক দ্বিতীয় কর্মকর্তা আরাফাত জামান ও প্রহরী শাহজাহান আলীর বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।
আরাফাত জামান বর্তমানে রাকাব গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ে ও শাহজাহান আলী পীরগঞ্জ শাখায় কর্মরত।
উপজেলার আলমপুর গ্রামের মোজাম্মেল হক বলেন, ‘গত বছরের ৪ নভেম্বর রাকাব ভোমরাদহ শাখায় আমার হিসাবে সাত লাখ টাকা জমা করি। চলতি বছরের এপ্রিলে জানতে পারি, আমার হিসাবে এই টাকা জমা হয়নি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে অভিযোগ করেছি।’ একই রকম অভিযোগ করেন ওই ব্যাংকের গ্রাহক আবদুল আউয়াল, মনমোহন রায়, তবারক আলী, মো. দুলাল, নুরুল ইসলামসহ বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী গ্রাহকেরা চলতি বছরের ২৩ জুন কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখেই ব্যাংকে তালা দেন। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাঁদের উদ্ধার করে। রাকাব ভোমরাদহ শাখার ব্যবস্থাপক শাহ জামাল জানান, চলতি বছরের জানুয়ারিতে ওই শাখায় যোগদানের পর আমানত ও ঋণ হিসাবে ব্যাপক গরমিল পান তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে একটি নিরীক্ষা দল ব্যাংকে আর্থিক জালিয়াতির সত্যতা পায়। রাকাব ঠাকুরগাঁও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আবদুল হামিদ মিয়া জানান, আরাফাত জামান ও শাহজাহান আলী ২০১১ সালের ১৩ জানুয়ারি থেকে চলতি বছরের ২ মে পর্যন্ত যোগসাজশ ও জালিয়াতির মাধ্যমে প্রায় ১০০ জন গ্রাহকের ৩৪ লাখ ছয় হাজার ৯৩৭ টাকা তাঁদের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এর মধ্যে আরাফাত জামান ৪৫ জন গ্রাহকের কাছ থেকে রশিদমূলে ২৪ লাখ ২৭ হাজার ৬৬২ টাকা এবং শাহজাহান আলী একইভাবে ৫০ জন গ্রাহকের মোট নয় লাখ ৭৯ হাজার ২৭৫ টাকা গ্রহণ করে তা তাঁদের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ ছাড়া আরাফাত জামান তাঁর ব্যাংক হিসাবে (নম্বর ৪৬৬১) ভুয়া জমা দেখিয়ে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ এপ্রিল পর্যন্ত পৃথক চেকের মাধ্যমে দুই লাখ ৭২ হাজার ৭৯৪ টাকা তুলে আত্মসাৎ করেন। এ ব্যাপারে রাকাব ভোমরাদহ শাখা ব্যবস্থাপক শাহ জামাল বাদী হয়ে আরাফাত জামান ও শাহজাহান আলীর বিরুদ্ধে গত ১ নভেম্বর পীরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
রাকাব ঠাকুরগাঁও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আবদুল হামিদ মিয়া বলেন, ‘তাঁরা বিশ্বাস ভঙ্গ করে জনগণের টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে শাহজাহান আলী ও আরাফাত জামানকে পাওয়া যায়নি।
রাকাব পীরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, শাহজাহান আলী বিনা অনুমতিতে গত ৩ নভেম্বর থেকে ব্যাংকে অনুপস্থিত আছেন। তাঁর সঙ্গে মুঠোফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রাকাব ঠাকুরগাঁও আঞ্চলিক ব্যবস্থাপক এসএম হেলাল বলেন, ‘সরকারি টাকা উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন তাদের মতো করে কাজ করছে।’