পীরগঞ্জে চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ১১টি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার মামলায় গতকাল বৃহস্পতিবার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া মারফত আলী নামের এক আসামিকে গতকাল ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

জগন্নাথপুর গ্রামে দুর্বৃত্তরা গত সোমবার সন্ধ্যায় ওই ১১ জনের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে দুজনের রান্নাঘর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সোমবার রাতেই জগন্নাথপুর গ্রামের কোহিনুর বেগম ১২ ব্যক্তির নাম উল্লেখ করে, আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে ভূমিহীনদের ঘরবাড়ি ভেঙে আগুন দেওয়ার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা তিনটায় পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জনসংগঠন ঐক্য পরিষদ। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান গজেন্দ্র নাথ রায়। বক্তব্য দেন উপজেলা সিপিবির সম্পাদক আবু সায়েম, মেহেদী হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনের পর জগন্নাথপুরের ক্ষতিগ্রস্ত পরিবারের পুরুষ-নারীরা প্রেসক্লাব থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় প্রতিবাদ সভা করেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলার চার আসামি হযরত আলী, গিরি বাস্কী, মোতাহার হোসেন ও মো. সোবহানকে গতকাল সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের আমলি আদালত ‘খ’ অঞ্চলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুকান্ত সাহা জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, ওই মামলার আসামি মারফত আলীকে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী সিংহোর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে প্রথম আলোয়গত বুধবার ‘ক্ষুদ্র জাতিসত্তার চারটিসহ ১১ জনের ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।