পীরগঞ্জে টিআরের গম আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় একটি প্রকল্পের জন্য বরাদ্দ করা গমের পুরোটাই আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। পীরগঞ্জ পৌর শহরের কলেজ হাটে অবস্থিত উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিস ঘর সংস্কারের জন্য দুই টন গম বরাদ্দ দেওয়া হয়েছিল গত ৬ জুন মাসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগে জানা যায়, প্রকল্প চেয়ারম্যান ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হবিবর রহমান ভূঁইয়া প্রকল্প কমিটি তৈরি করে নিজেকে সভাপতি দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে জমা দেন। পিআইও বাবুল চন্দ্র সরকার কাজের অগ্রগতি সরেজমিনে তদন্ত না করেই দুই টন গমের ডিও প্রদান করেন। কিন্তু গম বিক্রির পুরো টাকাই আত্মসাৎ করা হয়। বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা গম বিক্রির টাকা সংগঠনের ব্যাংক হিসাবে জমা দিয়ে ও অফিস ঘর সংস্কার করার জন্য হবিবর রহমানকে একাধিকবার অনুরোধ জানান। কিন্তু তিনি নিজেকে স্থানীয় সাংসদের লোক দাবি করে টাকা জমা দিতে অস্বীকৃতি জানান।এ বিষয়ে হবিবর রহমান বলেন, ‘ওরা অভিযোগ করে কী করবে, আমার নেতা আমাকে গম দিয়েছেন, আমি সময়মতো অফিস সংস্কারের কাজ অবশ্যই করব।’ পিআইও বাবুল চন্দ্র সরকার বলেন, ‘অন্যান্য প্রকল্প চেয়ারম্যানের মতো হবিবর রহমানও আমার অফিস থেকে ডিও নিয়েছেন, আমরা অভিযোগের তদন্ত চালাচ্ছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ মণ্ডল বলেন, ‘বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।’