পীরগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ঘাষিপাড়া ও কুমারপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। গত শনিবার এ ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গতকাল রোববার ঘাষিপাড়া গ্রামের বাসিন্দারা কুমারপাড়া গ্রামে হামলা চালায়। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ইউনিয়নের চতরা হাটে পাওনা টাকা নিয়ে ওই দুই গ্রামের দুজন ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার দুপুরে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত ব্যক্তিদের মধ্যে ঘাষিপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম ওই দিন সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে হাবিবুল ইসলাম, আবুল কাশেম, মমতাজ আলী, খাদেমুল ইসলাম, রফিকুল ইসলাম, বকুল মিয়া, নজমুল, মতিয়ার, সাইফুল, দুল, আনিছার ও শাহীনুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, জাহিদুলের মৃত্যুর খবরে গতকাল ভোর থেকে ঘাষিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে ঘাষিপাড়ার বিক্ষুব্ধ লোকজন কুমারপাড়ায় হামলা চালিয়ে ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া অর্ধশতাধিক বাড়িতে লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাষিপাড়া গ্রামের ১৫ জনকে গ্রেপ্তার করে।পরে রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হক ও পুলিশ সুপার (এসপি) সালেহ মো. তানভীর ঘটনাস্থল পরিদর্শন করেন।গতকাল বিকেলে পুলিশ সুপার প্রথম আলোকে জানান, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বগুড়া ও রংপুরের কোতোয়ালি, মিঠাপুকুর ও পীরগঞ্জ থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।