ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষকের প্রহারে মাদ্রাসাছাত্র আবদুর রাহিম আহতের ঘটনায় দুজন শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। রাহিমের বাবা সফিকুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার রাতে ওই মামলা করেন।
রাহিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাহিমের বাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে। সে দৌলতপুরের আল জামিয়াতুল ইসলামিয়া ফাইজুল উলুম কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। ক্লাসে হাতের লেখা না আনায় গত বৃহস্পতিবার মাদ্রাসাশিক্ষক ফসিউর রহমান তাকে বেত্রাঘাত করেন। এতে রাহিম অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ওই দিন রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সফিকুল মাদ্রাসাশিক্ষক ফসিউর ও মো. নজরুল ইসলামকে আসামি করে ওই মামলা দায়ের করেন। দুই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার সকালে রাহিমকে বাড়িতে আনা হয়েছে।
এ ব্যাপারে জানতে মো. ফসিউর রহমান ও মো. নজরুল ইসলামের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, ‘এটা একটি অপরাধমূলক মামলা। আসামিরা পলাতক রয়েছেন। আমরা আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছি।’