পীরগঞ্জে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের লোকদের কমিটিতে নিয়ে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করে তা অনুমোদনের চেষ্টাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খনগাঁও ইউনিয়নে চাঁদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামালউদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসএমসির গত বৃহস্পতিবারের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) শাহীন আকতার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন গত সোমবার সকালে ওই বিদ্যালয়ে তদন্তে যান। এ সময় বিদ্যালয় মাঠে অভিভাবক, এসএমসির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এ সময় ডিইও তাঁদের নিয়ে পৃথক শুনানি গ্রহণ ও লিপিবদ্ধ করেন।
এসএমসির সভাপতি মো. আশরাফ আলীসহ তিনজন সদস্য গত সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক কামালউদ্দীন নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য সভা না ডেকে বা বিজ্ঞপ্তি প্রকাশ না করে ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে ভোটার তালিকা প্রকাশ না করে নিজের পছন্দের লোককে নিয়ে গত ৫ অক্টোবর এসএমসি গঠন করেন। কমিটিতে তাঁর বড় ভাই আনিসুর রহমানকে সভাপতি ও একই বাড়ির চারজনকে সদস্য করে ওই কমিটি গঠন করে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। ঘটনা জানতে পেরে বর্তমান এসএমসি ১৪ অক্টোবর জরুরি সভা ডেকে প্রধান শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেন। লোহাগাড়া মাদ্রাসা মাঠে গত বৃহস্পতিবার বিকেলে বতর্মান এসএমসি আরেকটি সভা করে। ওই সভার রেজুলেশনে বলা হয়, কারণ দর্শাও নোটিশ দেওয়ার ১০ দিনেও প্রধান শিক্ষক জবাব দেননি। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধব চন্দ্র শীলকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
প্রধান শিক্ষক কামালউদ্দীন গত সোমবার দুপুরে তাঁর কক্ষে প্রথম আলোকে বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তা বেলা সাড়ে ১১টায় আমাদের (শিক্ষক-শিক্ষিকা) নিয়ে আলোচনার সময় তাঁর মুখ থেকেই আমাকে বরখাস্তের বিষয়টি জানতে পেরেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’
ডিইও শাহীন আকতার সোমবার দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষক কামালউদ্দীনকে সাময়িক বরখাস্ত ও নতুন এসএমসি গঠনের কাগজপত্র দেখে তদন্ত করে কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।’