পীরগঞ্জে ধানের বদলে চাষিরা ঝুঁকছেন গম ও ভুট্টা চাষে
গত দুই মৌসুমে আমন-বোরো চাষে উৎপাদন খরচ বেশি ও ফলন কম এবং ধানের দাম কম হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অনেক চাষি এবার ধানের আবাদ কমিয়ে দিয়েছেন। লোকসানের ভয়ে অনেকে চাষি বোরো ধানের বদলে গম ও ভুট্টা চাষে ঝুঁকছেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পীরগঞ্জে এক হাজার হেক্টরের (২৭০০ একর) বেশি জমিতে বোরো ধানের আবাদ কম হয়েছে। গত বছর উপজেলায় ১৩ হাজার ২৫০ হেক্টরে বোরোর আবাদ হয়েছিল। এবার আবাদ হয়েছে ১২ হাজার হেক্টরে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বোরো ধানের আবাদ কমে গিয়ে বেড়েছে গম ও অন্যান্য ফসলের আবাদ। গত বছর এখানে গম চাষ হয়েছিল ১৪ হাজার ১৫০ হেক্টর জমিতে। এবার গমের আবাদ বেড়ে ১৫ হাজার ১০০ হেক্টরে দাঁড়িয়েছে। গমের মতো ভুট্টা ও সরিষার আবাদও বেড়েছে এবার। এতে মার খাচ্ছে বোরোর আবাদ।
উপজেলার কুশারিগাঁও, বিশমাইল, চাপোড়, মসলন্দপুর, ঘিডোবসহ বিভিন্ন গ্রামের অন্তত ১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো ও আমন আবাদ করে কোনো রকমে উৎপাদন খরচ উঠলেও তাঁদের লাভ হচ্ছে না।
চন্দরিয়া গ্রামের একরামুল, মসলন্দপুর গ্রামের বিপুল চন্দ্র রায়, ঘিডোব গ্রামের তমিজউদ্দীন জানান, গত বোরো ও আমন ধান আবাদের সময় ধানের চারা, জমি তৈরি, সার, শ্রমিক, কীটনাশক, ধান কাটা ও মাড়াই মিলে বিঘাপ্রতি তাঁদের ১০ থেকে ১১ হাজার টাকা খরচ হয়েছিল। আমনে বিঘাপ্রতি ফলন হয়েছে ১৮ থেকে ২২ মণ। ওই ২২ মণে বাজারদর পাওয়া গেছে ১১ থেকে সাড়ে ১১ হাজার টাকা।
খনগাঁও গ্রামের চাষি মোকাররম হোসেন বলেন, ‘আমন ধান বিঘাপ্রতি ২০ থেকে ২১ মণ ফলন পেয়েছি। এক বিঘার ২০ মণ ধানের দাম পেয়েছি ১১ হাজার টাকা। উৎপাদন খরচই পড়েছে সাড়ে ১০ হাজার টাকা। গত বোরো মৌসুমেও একই অবস্থা হয়েছিল আমার। আমি এবার বোরো ধানের বদলে কিছু জমিতে গম ও ভুট্টার আবাদ করেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গতবারের তুলনায় এবার উপজেলায় প্রায় এক হাজার হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছে। প্রায় এক হাজার হেক্টর জমিতে গমের আবাদ বেড়ে যাওয়ায়, বোরোর আবাদ থেকে ওই পরিমাণ জমি কমে গেছে। গত বোরো ও এবারের আমন ধানের ফলন তুলনামূলকভাবে কম হওয়ায় চাষিরা লাভের মুখ দেখেননি। সম্ভবত এ কারণেই চাষিদের অনেকে এবার বোরোর আবাদ কমিয়ে দিয়েছেন।