পীরগঞ্জে নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল শুক্রবার এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার আতাইঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।ওই ছাত্রের নাম আবু সায়েম (১৩)। সে উপজেলার বেলদহী গ্রামের ফিরোজ আলীর ছেলে ও পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে সায়েম তার দুই সহপাঠীকে নিয়ে সাগুনী সড়ক সেতু এলাকা দিয়ে টাঙ্গন নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সহপাঠীরা নদী থেকে উঠে এলেও সে নিখোঁজ থাকে। ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি তার মা শামীম আরা বেগমকে জানান। শামীম আরা লোকজন দিয়ে নদী ও আশপাশের এলাকায় ছেলেকে খোঁজাখুঁজি করেন। কিন্তু বুধবার সারা রাত তাকে খুঁজে না পেয়ে শামীম আরা বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের একদল ডুবুরি বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাগুনী সড়ক সেতু থেকে রেল সেতু পর্যন্ত অনুসন্ধান চালিয়ে লাশের সন্ধান পাননি। গতকাল সকালে উপজেলার আতাইঘাট এলাকা থেকে স্থানীয় লোকজন এক কিশোরের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও শামীম আরা সেখানে এসে সায়েমের লাশ শনাক্ত করেন। পরে সেখান থেকে সায়েমের লাশ বেলদহী গ্রামে নিয়ে যাওয়া হয়।